আজীবন সম্মাননা পাচ্ছেন সাদি মহম্মদ
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রতিবছরের মতো এবারও রবীন্দ্রমেলার আয়োজন করেছে। এ বছর চ্যানেল আই রবীন্দ্রমেলা থেকে আজীবন সম্মাননা দেওয়া হবে জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদকে। এর আগে এ সম্মাননা পেয়েছেন কলিম শরাফী, অজিত রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাহমিদা খাতুন।২৫ বৈশাখ (৮ মে, মঙ্গলবার) বেলা ১১.০৫ মিনিটে চ্যানেল আইয়ের নিজস্ব প্রাঙ্গণে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।এ উপলক্ষে ৬ মে দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং আজীবন সম্মাননা পাওয়া রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ।শাইখ সিরাজ তাঁর বক্তব্যে বলেন, ‘এই মেলার মাধ্যমে চ্যানেল আই দর্শক-হূদয়ে একটি বড় জায়গা করে নিয়েছে।’ এ সময় শাইখ সিরাজ এ বছরের আজীবন সম্মাননায় ভূষিত সাদি মহম্মদের নাম ঘোষণা করেন। চ্যানেল আইয়ের দেওয়া রবীন্দ্রজয়ন্তী মেলা ২০১২ আজীবন সম্মাননা সাদি মহম্মদ তাঁর মাকে উত্সর্গ করেছেন।নাম ঘোষণার সময় সাদি মহম্মদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর মাকে স্মরণ করে বলেন, ‘এই মুহূর্তে আমার মাকে খুব মনে পড়ছে। তিনি চেয়েছিলেন, আমি যেন প্রকৌশলী হই। শাইখ সিরাজের মতো একজন কৃষিব্যক্তিত্বের মুখে আমার সম্মাননার নাম ঘোষণা শুনে খুবই আনন্দিত আমি।’সংবাদ সম্মেলনে জানানো হয়, রবীন্দ্রনাথকে নিয়ে সপ্তমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলা চলবে বেলা ১১.০৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত। সরাসরি এই মেলা দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।মেলার খোলা মঞ্চে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নৃত্যনাট্য। সংগীত পরিবেশন করবেন সাদি মহম্মদ, সৈয়দ আবদুল হাদী, তপন মাহমুদ, লিলি ইসলাম, অদিতি মহসিন, অণিমা রায়, রোকাইয়া হাসিন নীলি, শামা রহমান এবং চ্যানেল আই সেরাকণ্ঠ ও খুদে গানরাজের শিল্পীরা। নৃত্য পরিবেশন করবে বৈতালিক, রবিরশ্মি, সুর বিহার, ধ্রুবতান, নৃত্যম, নটরাজ ও ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। অনুষ্ঠানে আরো থাকবে সেরা নাচিয়েদের নাচ।