জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০ ঘোষণা করা হয়েছে। এবার আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট অভিনেতা আনোয়ার হোসেন। এ ছাড়া আরও ২৪টি শাখায় এ পুরস্কার দেওয়া হয়েছে।২০১০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ফরিদুর রেজা সাগর প্রযোজিত গহীনে শব্দ। একই ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু পেয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান আর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পূর্ণিমা।তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য ২৫টি ক্ষেত্রে ২৫ জনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।২০১০ সালে সুজেয় শ্যাম (শ্রেষ্ঠ সংগীতপরিচালক), ইমদাদুল হক খোকন( শ্রেষ্ঠ নৃত্যপরিচালক), এম এ আলমগীর (পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা), মিজু আহমেদ (খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা), রোমানা (শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র), প্রার্থনা ফারদিন দীঘি (শ্রেষ্ঠ শিশুশিল্পী), জাকির হোসেন রাজু (শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ সংলাপ-রচয়িতা), নারগিস আক্তার (শ্রেষ্ঠ চিত্রনাট্যকার), কবির বকুল (শ্রেষ্ঠ গীতিকার), শেখ সাদী খান (শ্রেষ্ঠ সুরকার) ও শাম্মী আক্তার (সেরা গায়িকার) পুরস্কার পেয়েছেন। এ ছাড়া হাসান আহমেদ শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, কাজী সেলিম শ্রেষ্ঠ শব্দগ্রাহক, মজিবুর রহমান শ্রেষ্ঠ সম্পাদক, মহিউদ্দিন ফারুক শ্রেষ্ঠ শিল্পনির্দেশক, আবদুর রহমান শ্রেষ্ঠ রূপসজ্জাশিল্পীর ও বিবি রাসেল শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জার জন্য পুরস্কার পেয়েছেন।