আজীবন সম্মাননা পেলেন মুস্তাফা মনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই অতিচেনা প্রিয় মুখ। তারায় তারায় খচিত মিলনায়তন। দেশের অগণিত অনুরাগী সেরা হিসেবে নির্বাচন করেছেন প্রিয় তারকাদের। এরই স্বীকৃতি হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেরিল-প্রথম আলো পুরস্কারের বর্ণাঢ্য এই আয়োজনে সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে জয়ের স্মারক। আর এই আসরে এ বছর আজীবন সম্মাননা ২০১২ পেয়েছেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।শিল্পকলার এক সব্যসাচী মুস্তাফা মনোয়ার নিজের জীবনকে মেলে ধরছেন শিল্পকলার এক উদার ও মহান শিক্ষক হিসেবে। সেই কাজ এখনো অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তিনি মঞ্চে এলে সশ্রদ্ধ করতালিতে মুখর হয় মিলনায়তন। অধ্যাপক আনিসুজ্জামান শিল্পীর হাতে তুলে দেন সম্মাননা স্মারক। সঙ্গে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও স্কয়ার গ্রুপের নির্বাহী পরিচালক এম আশিকুল হক চৌধুরী।আজীবন সম্মাননা ছাড়া ২০১১ সালের পাঠকদের সরাসরি ভোটে তারকা জরিপ, বিচারকমণ্ডলীর রায়ে টিভি ও চলচ্চিত্র সমালোচক—এই দুই বিভাগে ১৫ জনের হাতে পুরস্কার দেওয়া হয়েছে।আড়াই ঘণ্টার মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে একই মঞ্চে দাঁড়িয়েছেন দেশের চলচ্চিত্র, টেলিভিশন, সংগীতসহ বিনোদনজগতের তারকারা। কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পী, চিত্রপরিচালক, চিত্রনাট্যকারও হলেন সম্মানিত। তাঁরা আড্ডা দিলেন, কথা বললেন, এক উৎসবমুখর পরিবেশে পুরস্কার দিলেন, নিলেন।শুরুতে দেওয়া হয় সমালোচক পুরস্কার। টেলিভিশন বিভাগে হলুদ নাটকের জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পান মনোয়ার কবীর। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন মাহমুদুজ্জামান বাবু ও রোকেয়া প্রাচী। শনিবার রাত ১০টা ৪০ মিনিট নাটকের জন্য সেরা টেলিভিশন নির্দেশকের পুরস্কার পান আশরাফুল চন্চল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন তারকা দম্পতি তৌকীর আহমেদ-বিপাশা হায়াত। এই শাখায় তহমিনার দিনযাপন নাটকে সেরা টিভি অভিনয়শিল্পীর (নারী) পুরস্কার পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর-মিতা চৌধুরী। সেরা টিভি অভিনয়শিল্পীর (পুরুষ) পুরস্কার পেয়েছেন আবুল হায়াত, শনিবার রাত ১০টা ৪০ মিনিট নাটকের জন্য। তাঁর অনুপস্থিতিতে প্রতিনিধির হাতে এই পুরস্কার তুলে দেন আলী যাকের-সারা যাকের দম্পতি। টেলিভিশন সমালোচক পুরস্কারে জুরিবোর্ডের সভাপতি ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। সদস্য ছিলেন মিতা চৌধুরী, আবু সায়ীদ, গিয়াসউদ্দিন সেলিম ও আরিফা জামান মৌসুমী।চলচ্চিত্র সমালোচক শাখায় গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিচারকমণ্ডলীর বিশেষ পুরস্কার পান গুণী অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তাঁর হাতে পুরস্কার তুলে দেন খলিলুল্লাহ খান-আফরোজা বানু।এবার সমালোচক শাখায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা। প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং আড়িয়াল ক্রিয়েটিভ স্পেসের প্রযোজক এষা ইউসুফের হাতে পুরস্কার তুলে দেন শিল্পী দম্পতি আলমগীর-রুনা লায়লা। এই ছবির জন্য সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পান নাসির উদ্দীন ইউসুফ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাজ্জাক ও কবরী।গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পীর (নারী) পুরস্কার পেয়েছেন জয়া আহসান। পুরস্কার তুলে দেন চলচ্চিত্রের জুটি দিতি-মাহমুদ কলি। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরুষ বিভাগে পুরস্কার পেয়েছেন চৌধুরী যাওয়াতা আফনান। অঞ্জনা-ইলিয়াস কাঞ্চন জুটি তাঁর হাতে পুরস্কার তুলে দেন। চলচ্চিত্র সমালোচক পুরস্কারের জন্য এবার সৈয়দ সালাউদ্দিন জাকীকে সভাপতি করে জুরিবোর্ডে ছিলেন শহীদুল ইসলাম খোকন, ইলিয়াস কাঞ্চন, জাকির হোসেন রাজু, রোকেয়া প্রাচী ও কাবেরী গায়েন।তারকা জরিপে পাগল তোর জন্য গানে কণ্ঠশিল্পীর (নারী) পুরস্কার পান ন্যান্সি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হামিন আহমেদ ও শাফিন আহমেদ। নীলাঞ্জনা অ্যালবামের জন্য পুরুষ শিল্পীর পুরস্কার পান আরফিন রুমী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আবিদা সুলতানা-রফিকুল আলম। প্রজাপতি ছবির জন্য সেরা চলচ্চিত্র বিভাগে অভিনয়শিল্পীর (নারী) পুরস্কার পেয়েছেন মৌসুমী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইলিয়াস জাভেদ ও রোজিনা। পুরুষ শিল্পীর পুরস্কার পান শাকিব খান, কিং খান ছবির জন্য। তাঁর হাতে পুরস্কার তুলে দেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। চৈতা পাগল নাটকের জন্য সেরা টিভি অভিনয়শিল্পীর (নারী) পুরস্কার পান জয়া আহসান। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেটার হাবিবুল বাশার ও চিত্রনায়িকা শাবনূর। এই বিভাগের পুরুষ তালিকায় পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম, চাঁদের নিজের কোনো আলো নেই নাটকের জন্য। তাঁর হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ফেরদৌস।