আজীবন সম্মাননা পেলেন শ্যারন স্টোন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে আয়োজিত ১১তম আর্প ম্যাগাজিন মুভিজ ফর গ্রোনাপস পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে ‘বেসিক ইন্সটিঙ্কট’খ্যাত ৫৩ বছর বয়সী হলিউডের অভিনেত্রী শ্যারন স্টোনকে। প্রখ্যাত চলচ্চিত্র-নির্মাতা ও অভিনেতা মার্টিন স্করসেসের হাত থেকে এ পুরস্কার গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন শ্যারন।১৯৯৫ সালে মার্টিন স্করসেসের পরিচালনায় ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেছিলেন শ্যারন। সেই থেকে তিনি রীতিমতো স্করসেসের ভক্ত বনে যান। মার্টিনের হাত থেকে আজীবন সম্মাননা পেয়ে তাই নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি শ্যারন। এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।পুরস্কার হাতে পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে শ্যারন বলেছেন, ‘মার্টিন স্করসেসের হাত থেকে আজীবন সম্মাননা পেলাম, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে, আমি বুঝি মরে গেছি আর এসব ঘটছে স্বর্গে।’শ্যারন আরও বলেন, ‘এই দিনটি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। আমি কৃতজ্ঞ যে আমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে। সত্যি বলতে কি, আমি যে আজ এখানে উপস্থিত থাকতে পারব সে বিষয়টি নিশ্চিত ছিল না।’এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে হলিউডের অনেক রথী-মহারথীই হাজির হয়েছিলেন। তাদের মধ্য থেকে ‘অ্যালবার্ট নবস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন বর্ষীয়ান মার্কিন অভিনেত্রী গ্লেন ক্লোজ। এ ছাড়া ‘দ্য ডিসেন্ডেন্টস’ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন মার্কিন চলচ্চিত্র-নির্মাতা আলেকজান্ডার পাইন।