আঞ্চলিক কমান্ডারসহ হিযবুত তাহরীরের পাঁচ সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের আঞ্চলিক কমান্ডারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এ অভিযান চালায়। এ সময় বেশ কিছু প্রচারপত্র ও সংগঠনটির ভাবাদর্শমূলক বই উদ্ধার করা হয়।র্যাবের দাবি, হিযবুত তাহরীরের একটি দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রানীহাটি গ্রামে গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় সংগঠনটির আঞ্চলিক কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া গ্রামের ওমর ফারুক, সদস্য একই জেলার শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামের মেহেদী হাসান, মনিরুল ইসলাম ও তহুরুল ইসলামকে আটক করা হয়। ওমর ফারুক পেশায় দন্ত চিকিৎসক। রানীহাটি বাজারে তাঁর টুম্পা ডেন্টাল সার্জারি ক্লিনিকে বসে তাঁরা গোপন বৈঠক করছিলেন। তাঁদের কাছ থেকে হিযবুত তাহ্রীরের বেশ কিছু প্রচারপত্র ও বই উদ্ধার করা হয়। র্যাব আরও দাবি করে, ২০০৮ সালে রাজশাহীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সময় ওমর ফারুকসহ হিজবুত তাহ্রীরের নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে বের হয়ে ওমর ফারুক সংগঠনের আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব নেন। দলকে সংগঠিত করতে তিনি বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় রাজশাহীর চারঘাটের কালুহাটি বাজার থেকে ৫৫০ লিফলেটসহ হিযবুত তাহ্রীরের সদস্য শরিফুল ইসলামকে আটক করা হয়। তিনি প্রচারপত্র বিতরণ করছিলেন। রাতেই তাঁকে চারঘাট থানায় সোপর্দ করা হয়।