মার্কিন প্যাসিফিক কমান্ডার লকলিয়ার
আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অবস্থান ইতিবাচক
বাংলাদেশ সফররত মার্কিন প্যাসিফিক কমান্ডের শীর্ষ অধিনায়ক অ্যাডমিরাল স্যামুয়েল জে লকলিয়ার এই অঞ্চলের শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। আজ বুধবার রাজধানীর রেডিসন হোটেলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি উভয়ে অভিন্ন সুরে চীনকে ‘প্রতারক’ হিসেবে গণ্য করছেন। এ রকম পটভূমিতে চীনের সঙ্গে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে যে সুসম্পর্ক বজায় রেখে চলেছে, তাকে যুক্তরাষ্ট্র কীভাবে মূল্যায়ন করে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাডমিরাল লকলিয়ার বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে এমন সম্পর্ক বেছে নেবে, যা নিরাপত্তা পরিবেশের জন্য সহায়ক।’ অ্যাডমিরাল লকলিয়ার বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে উত্তরোত্তর সম্পর্ক জোরদারে আশা প্রকাশ করেন। যুদ্ধজাহাজ তৈরিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা অর্জনেরও প্রশংসা করেন তিনি। বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাও বক্তব্য দেন। উল্লেখ্য, আজ বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাডমিরাল লকলিয়ার সামরিক সহযোগিতা কার্যক্রম এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ঢাকা সফরে রয়েছেন। মার্কিন দূতাবাস এ সফরের আয়োজন করেছে। ২০০৭ সালে সিডর আঘাত হানার পটভূমিতে এডমিরাল লকলিয়ারের পূর্বসূরি অ্যাডমিরাল কিটিংস সবশেষ বাংলাদেশ সফর করেছিলেন।