থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পূর্বনির্ধারিত ভিয়েতনাম সফর বাতিল করেছেন। দেশটিতে চলমান তীব্র গণবিক্ষোভ নিয়ন্ত্রণ করতে রাজধানী ব্যাংকক ও পার্শ্ববর্তী প্রদেশগুলোয় জরুরি অবস্থা জারি করার এক দিন পর তিনি এ সিদ্ধান্ত নিলেন। আগাম নির্বাচনের দাবিতে ‘লাল শার্ট’ পরিহিত কয়েক হাজার বিক্ষোভকারী গত চার সপ্তাহ ধরে ব্যাংককে বিক্ষোভ প্রদর্শন করছে।প্রধানমন্ত্রীর ডেপুটি সেক্রেটারি জেনারেল ইসারা সানথর্নওয়াত রয়টার্সকে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন না, এটা নিশ্চিত। বর্তমান পরিস্থিতিতে তাঁর দেশে অবস্থান করা বেশি দরকার।’জরুরি অবস্থা ঘোষণার পর সরকারবিরোধী বিক্ষোভকারীরা আজ বৃহস্পতিবার আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়ার হুমকি দিয়েছে।অভিজিত এখন কঠিন অবস্থার সম্মুখীন—হয় তাঁকে বিক্ষোভকারীদের সঙ্গে আপস করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে অথবা হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যা তাঁর জন্য আরও বেশি সমস্যার সৃষ্টি করবে।বিক্ষোভকারীরা বুধবার পার্লামেন্ট ভবনে প্রবেশ করার পর বেশ কিছু সরকারি কর্মকর্তাকে হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এরপর ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এ ঘোষণার ফলে এখন আদালতের নির্দেশ ছাড়াই ব্যাংকক ও পার্শ্ববর্তী প্রদেশগুলোয় যেকোনো ব্যক্তিকে আটক অথবা অন্যত্র চলে যেতে বাধ্য করার অবাধ ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী।আরও লাল শার্ট পরা বিক্ষোভকারী যাতে ব্যাংককে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে রাজধানীর উপকণ্ঠে সেনাবাহিনীর অনেকগুলো চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। কিন্তু এর ফলে চলমান বিক্ষোভ ব্যাংককের উপকণ্ঠে ও শহরতলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।ওয়েং তোজিরাকার্ন নামে লাল শার্ট পরা বিক্ষোভকারীদের এক নেতা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ বৃহস্পতিবার আমরা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হব। আমরা কিছু না করে নিশ্চিন্তে বসে থাকতে পারি না।...এটা আমাদের অধিকার।’ওয়েং সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনা বাতিল না করে বলেন, ‘প্রধানমন্ত্রী অভিজিত যদি আলোচনায় বসতে চান তাহলে আমরা আলোচনা করতে প্রস্তুত। তবে আলোচনার আগে প্রধানমন্ত্রীকে অবশ্যই আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করা বন্ধ করতে হবে।’—রয়টার্স