আঞ্চলিক সহযোগিতাকে সবচেয়ে গুরুত্ব দিই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাংলাদেশ এ অঞ্চলের জনগণের সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) অনুঘটক মনে করে।সফররত সার্ক মহাসচিব ফাতিমা বিয়ানা সাইদ আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাতের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সার্ক দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের বিকাশ, গণতন্ত্র চর্চা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে।প্রধানমন্ত্রী সার্কের চারটি চুক্তি চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।বৈঠকে সার্কের মহাসচিব ফাতিমা আগামী নভেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় আসন্ন ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে শেখ হাসিনাকে জানান। বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।