আঞ্জুয়ারাকে মুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের নামে করা মামলায় আটক আঞ্জুয়ারা বেগমকে তাত্ক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দিতে বলা হয়। এ ছাড়া ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গতকাল এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আঞ্জুয়ারা বেগমকে আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে জয়পুরহাট, বগুড়া ও নাটোরের তিন পুলিশ সুপার এবং বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও আসতে বলা হয়। আদালতের নির্দেশ অনুসারে আঞ্জুয়ারাকে আজ হাজির করা হয়। পুলিশ কর্মকর্তারাও উপস্থিত হন।সংক্ষিপ্ত শুনানির পর আদালত আদেশ দেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ।‘পরোয়ানা লাইলী বেগমের নামে, হাজতবাস আঞ্জুয়ারা বেগমের’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয় দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায়। ২৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আজ রিট আবেদনটি করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাস উদ্দিন ভূঁইয়া।পুলিশ ও কারা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চোরাচালানের অভিযোগে বগুড়া সদরের চারমাথা নিশিন্দারা এলাকার মৃত দুদু শেখের স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধে ২০০৫ সালের জুন মাসে নাটোর সদর থানায় একটি এবং ২০০৮ সালের ফেব্রুয়ারি ও মে মাসে পাঁচবিবি থানায় দুটি মামলা হয়। ওই সব মামলায় আদালত লাইলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।প্রতিবেদনে আরও বলা হয়, তবে বগুড়া সদর থানার উপশহর ফাঁড়ির পুলিশ সেই পরোয়ানা তামিল করতে গিয়ে গত ৩ আগস্ট ভোরে চারমাথা এলাকা থেকে আঞ্জুয়ারাকে (৪৪) আটক করে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখায়। আঞ্জুয়ারার স্বামী আবদুল আজিজ চারমাথা এলাকার পানদোকানি। তাঁর বাসা শহরের নিশিন্দারা পাইকপাড়া এলাকায়। পরে বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ আঞ্জুয়ারার জাতীয় পরিচয়পত্র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্রতিবেদন যাচাই করে নিশ্চিত হয়, গ্রেপ্তার করা ওই নারী লাইলী নন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বিনা অপরাধে হাজতে থাকা আঞ্জুয়ারাকে মুক্তি দিতে গত ৬ সেপ্টেম্বর বগুড়ার পুলিশ সুপারের বরাবর আবেদন করে। বিষয়টি ২১ অক্টোবর জেলা মামলা সমন্বয় সভায়ও ওঠে।