আট অভিযোগে আযাদের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আবুল কালাম আযাদ আত্মগোপনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। এ জন্য আইন অনুসারে তাঁর অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করা হচ্ছে।ট্রাইব্যুনালের চেয়ারম্যান আজ বেলা আড়াইটার দিকে আযাদের বিরুদ্ধে আটটি অভিযোগ পড়ে শোনান। এসব অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক রাখা, নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধ। একাত্তরে ফরিদপুরের রাজাকার বাহিনী গঠনের সঙ্গে আবুল কালাম আযাদ জড়িত ছিলেন এবং তিনি পরে আলবদর বাহিনীর প্রধান হন। ছাত্রাবস্থায় তিনি তত্কালীন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের ছাত্রসংগঠন) সভাপতি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।প্রায় পৌনে এক ঘণ্টা ধরে আদেশের শেষপর্যায়ে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য দিন ধার্য করেন ১৪ নভেম্বর।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩ এপ্রিল এই ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ তাঁর উত্তরখানের বাড়ি ‘আযাদ ভিলা’য় গিয়ে তাঁকে খুঁজে পায়নি। পরে ঢাকা মহানগর পুলিশ এক প্রতিবেদনে ট্রাইব্যুনালকে জানায়, আযাদ পলাতক এবং দেশ ত্যাগ করেছেন।