রমনার বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার পর নয় বছর পার হয়েছে। এখন পর্যন্ত এ নৃশংস হত্যাযজ্ঞের বিচারকাজ শুরু হয়নি। আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ ঘটনায় দুটি মামলার মধ্যে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার বিচারকাজ বন্ধ আছে। হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০০৮ সালের নভেম্বরে মামলা দুটির অভিযোগপত্র দেয়। তাতে বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, মুফতি হান্নানসহ হরকাতুল জিহাদের (হুজি) ১৪ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে পলাতক আট আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত সূত্রে জানা যায়, রমনার বটমূলে বোমা হামলা মামলা দুটি দ্রুত নিষ্পত্তির জন্য গত বছরের ১ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের এক ও তিন নম্বর আদালতে পাঠানো হয়। সাক্ষ্যপ্রমাণ অভিন্ন হওয়ায় দুটি মামলা একই আদালতে বিচার করার জন্য প্রস্তাব করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন বিচারক মাসদার হোসেন। এই আবেদনের পর মাসদার হোসেন অন্যত্র বদলি হয়ে গেলে তাঁর আদালতে বিচারাধীন বিস্ফোরকদ্রব্য আইনের মামলাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাঁর স্থলে নতুন বিচারক নিয়োগ না হওয়ায় প্রায় তিন মাস ধরে এ মামলাসহ ওই আদালতের সব মামলার কার্যক্রম বন্ধ রয়েছে। সম্প্রতি ওই আদালতে বিচারক হিসেবে ঋষিকেষ সাহা যোগ দেন। তবে মামলাটির বিচারকাজ শুরু হয়নি। এই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, রমনার বটমূলে বোমা হামলার দুটি মামলার বিচারপ্রক্রিয়া একসঙ্গে চলবে কি না, এ ব্যাপারে এখনো মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বিচারকাজ বন্ধ আছে।তবে একই ঘটনায় দায়ের করা হত্যা মামলাটির বিচারকাজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক কানিজ আকতার নাসরিনা খানমের আদালতে চলছে। এই আদালাতের বিশেষ সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ৪৮ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই মাসের মধ্যে বিচারকাজ শেষ হবে বলে তিনি আশাবাদী।২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অন্তত ১১ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালের ৭ জুন ঢাকার অদূরের মাদানীনগর মাদ্রাসার শিক্ষক আকবর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হুজির হামলার পরিকল্পনার বর্ণনা দেন। কিন্তু পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর পাঁচ দফা তদন্ত কর্মকর্তা বদল করা ছাড়া মামলা দুটির তদন্ত আর এগোয়নি। জোট সরকারের আমলে ২০০৬ সালের ১৯ নভেম্বর ঢাকার আদালতে জবানবন্দি দিয়ে এই হত্যার দায় স্বীকার করেছিলেন মুফতি হান্নান।পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা দুটির তদন্তে গতি পায়। তখন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবীরের তদারকিতে মামলাটি তদন্ত করেন পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ। ২০০৮ সালের ৩০ নভেম্বর সিআইডি আদালতে অভিযোগপত্র দাখিল করে।অভিযুক্ত ১৪ জঙ্গি: দুই মামলার অভিযোগপত্রেই মুফতি আবদুল হান্নানসহ হুজির ১৪ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অন্যরা হচ্ছেন মুফতি আবদুর রউফ, মাওলানা আবু তাহের, আরিফ হাসান ওরফে সুমন, শাহাদাত্ উল্লাহ জুয়েল, শেখ ফরিদ ওরফে রহমতউল্লাহ ওরফে শওকত ওসমান (খুলনা), মুফতি শফিকুর রহমান (কিশোরগঞ্জ), হাফেজ ইয়াহিয়া (সিলেট), মুফতি আবদুল হাই ওরফে আবু নাঈম (কুমিল্লা), মাওলানা তাজউদ্দিন, জাহাঙ্গীর বদর (দোহার, ঢাকা), আবদুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ আবু বকর (বরিশাল) ও ঢাকার মাদানীনগর মাদ্রাসার উপাধ্যক্ষ আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন। তাঁদের মধ্যে প্রথম পাঁচজন বিভিন্ন বোমা-গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। উপাধ্যক্ষ আকবর ২০০১ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান। পলাতক আট আসামি : পলাতক আসামিদের মধ্যে শেখ ফরিদ ওরফে রহমতউল্লাহ ওরফে শওকত ওসমান, মুফতি শফিকুর রহমান, হাফেজ ইয়াহিয়া, মুফতি আবদুল হাই ওরফে আবু নাঈম আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁরা ১৯৯২ সালে এ দেশে হুজি প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোক্তা ছিলেন। শেখ ফরিদ হুজির সাধারণ সম্পাদক ও অন্যরা বিভিন্ন সময়ে হুজির আমির ছিলেন। তাঁরা দেশেই আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হুজির ডেপুটি চিফ কমান্ডার জাহাঙ্গীর বদর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমনের দায়িত্বে থাকা তৎকালীন এক কর্মকর্তার সহযোগিতায় দুবাই চলে যান বলেও সিআইডির কাছে তথ্য রয়েছে। হুজির উত্তরাঞ্চলীয় কমান্ডার আবদুল হান্নান ওরফে মাওলানা সাব্বির বগুড়ায় নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে থাকেন বলে সম্প্রতি রিমান্ডে জিজ্ঞাসাবাদে হুজির সাবেক আমির আবদুস সালাম গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন। হাফেজ আবু বকরের বাড়ি বরিশাল হলেও তিনি ফরিদপুর-মাগুরা এলাকায় থাকেন বলেও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।পলাতক আরেক আসামি মাওলানা তাজউদ্দিন মূলত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার এ দেশীয় নেতা। তিনি এ দেশে বিভিন্ন নাশকতায় জঙ্গিদের গ্রেনেড সরবরাহকারী হিসেবে একাধিক মামলায় অভিযুক্ত। বিগত জোট সরকারের শেষ দিকে একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার তৎকালীন কতিপয় কর্মকর্তার সহযোগিতায় তিনি পাকিস্তান চলে যান। এ ব্যাপারে একাধিক সাবেক গোয়েন্দা কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সিআইডি ও আদালত সূত্রে জানা গেছে। বোমা সরবরাহ করেন তাজউদ্দিন: মামলার অভিযোগপত্র অনুযায়ী, রমনার ওই নৃশংস হামলার জন্য দূরনিয়ন্ত্রিত বোমা সরবরাহ করেছেন মাওলানা তাজউদ্দিন। তিনি বিগত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ছোট ভাই। তাজউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলায় গ্রেনেড সরবরাহকারী হিসেবেও অভিযুক্ত। পলাতক এই জঙ্গিকে ধরার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হিসেবে এখন কারাবন্দী।আরও যারা শনাক্ত হয়নি: সিআইডি সূত্র জানায়, তদন্তে এই বোমা হামলার পরিকল্পনা, প্রস্তুতি ও আক্রমণে জড়িত হিসেবে মোট ২২ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ ও সাক্ষ্য পাওয়া গেছে। এর মধ্যে সুজন, ওমর ফারুক, জনি, জাকারিয়া, মাওলানা নুরুদ্দিন ওরফে নুরুল্লাহ, আবদুল জাব্বার, আবদুল্লাহ ও আবদুল হালিমের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। তাই তাঁদের আপাতত অভিযুক্ত করা হয়নি। তবে পরে তাঁদের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্রের মাধ্যমে আসামি করা হবে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মাওলানা নুরুদ্দিন ওরফে নুরুল্লাহকে একটি গোয়েন্দা সংস্থা খুঁজছে। তাঁর বাড়ি ফেনী। আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধ শেষে তিনি যুক্তরাজ্য চলে যান। পরে হুজির যুক্তরাজ্য শাখার আমির গোলাম মোস্তফাসহ দেশে ফিরে আসেন। তাঁর শ্বশুর দেশের গুরুত্বপূর্ণ একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।