নকল চাবি তৈরি করে তা দিয়ে হাতকড়া খুলে ফেলেছিলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে করা মামলার আট আসামি। আজ বুধবার বিশেষ আদালতে হাতকড়া খোলা অবস্থায় ছিলেন তাঁরা। আদালতের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ার পর আদালত তাঁদের বিরুদ্ধে কারা বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।২৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও এই মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান প্রথম আলোকে বলেন, এভাবে হাতকড়া খোলার ঘটনায় তাঁরা বিস্মিত। হাতকড়ার নকল চাবি আট জওয়ানের পকেটে পাওয়া গেছে।সূত্র জানায়, ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা মামলার আসামির সংখ্যা ৬৬৭ জন। বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ এই মামলার বিচারকাজ চলছে। আজ আদালতের কার্যক্রম শুরুর আগে সকাল সাড়ে আটটার দিকে আসামিদের গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২৪ রাইফেল ব্যাটালিয়নের সব আসামিকে হাতকড়া পরিয়ে আনা হয়। এজলাসে রাখা বেঞ্চে সব আসামিকে বসতে দেওয়া হয়।সূত্র আরও জানায়, আদালতে ঢোকানোর আগে আসামিদের দেহ তল্লাশির সময় ২৪ রাইফেলের দুজনের হাত খোলা অবস্থায় পাওয়া যায়। তাঁদের দেহ তল্লাশি করে পকেটে খোলা হাতকড়া ও হাতকড়ার নকল চাবি পাওয়া যায়। নিয়ম অনুসারে কারাগার থেকে আসামিদের হাতকড়া পরিয়ে আনা হয়। এর চাবি থাকে কারারক্ষীদের হাতে।বিডিআরের কর্মকর্তারা জানান, দুজনের পকেটে হাতকড়া পেয়ে তাঁদের সন্দেহ বাড়ে। পরে দরবার হলে স্থাপিত সিসিটিভিতে দেখা যায়, আরও ছয় জওয়ানের হাতে হাতকড়া নেই। হাতকড়া খোলা অবস্থায় তাঁরা আদালতে বসে আছেন। পরে দেহ তল্লাশি করে তাঁদের পকেটেও চাবি পাওয়া যায়।এরপর প্রসিকিউটর আদালতকে জানান, আটজন আসামিকে হাতকড়া খোলা অবস্থায় পাওয়া গেছে। তাঁদের পকেটে হাতকড়া ও তা খোলার চাবি ছিল। এই আটজন হলেন সেপাই মোফাফর আলী, ইউসুফ আলী, আবদুর রহিম, সাজেদুল ইসলাম, রমজান আলী, শফিকুল ইসলাম, আবুল কাশেম ও ইসমাইল সরকার। আদালত তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।এই মামলায় আজ আরও এক সাক্ষী নায়েক মো. একরামুল করিম সাক্ষ্য দিয়েছেন। তিনি ৩০তম সাক্ষী। পরে দুই আসামি তাঁকে জেরা করেন। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। পরে আগামী ১ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়।