আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করল দুদক
সোনালী ব্যাংক আগারগাঁও শাখায় ১৪১ কোটি টাকা জালিয়াতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ ব্যাংকের তৈরি করা প্রতিবেদনে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার পর ব্যাংকটির আগারগাঁও শাখা নিয়েও অভিযোগ ছিল। দুদকে আজ ব্যাংকের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ মঙ্গলবার থেকে সোনালী ব্যাংকের আগারগাঁও শাখার দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক বেনজীর আহমেদ। আজ তিনি আগারগাঁও শাখার আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা হলেন সোনালী ব্যাংকের আগারগাঁও শাখার কর্মকর্তা চৌধুরী আলী আকবর, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোখলেছ, নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এস ওবায়দুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ আরিফ, হাসান আলভি, সাবেক দুই ব্যবস্থাপক সায়দুর আলম ও মোহাম্মদ শহীদুল ইসলাম। দুদক জানায়, যে সময় হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা ঘটে, ঠিক একই সময়ে সোনালী ব্যাংকের আগারগাঁও শাখায়ও হিসাবের গরমিল দেখা দেয়। জালিয়াতির মাধ্যমে আত্মসাত্ করা ১৪১ কোটি টাকার কতটুকু হলমার্ক এবং কতটুকু অন্যান্য প্রতিষ্ঠান নিয়েছে, তা খতিয়ে দেখার জন্য কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।