আট কর্মকর্তাকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার। তবে গতকাল পর্যন্ত সরকারি দল আওয়ামী লীগ কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দেয়নি। দলের সমর্থনের অপেক্ষায় আছেন সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভী ও সাবেক সাংসদ শামীম ওসমান। এরই মধ্যে গত শুক্রবার রাতে শামীম ওসমানের সমর্থকেরা দলের সমর্থন পাওয়ার খবর জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানকে সিটি করপোরেশনের নির্বাচনের আগ পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও সরকারি কর্মকর্তাদের নিয়ে কোনো প্রকল্প পরিদর্শন না করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। নাসিম ওসমানের সঙ্গে প্রকল্প এলাকা পরিদর্শনে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাঁচ কর্মকর্তাসহ মোট আট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র জমা: জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাঢ়া জিয়া হলে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী বা তাঁর পক্ষে পাঁচজনের বেশি লোক উপস্থিত থাকতে পারবেন না। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ অক্টোবর। প্রত্যাহারের শেষ দিন ১২ অক্টোবর। ৩০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল শনিবার পর্যন্ত মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬৪ জন ও মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়নপত্র কিনেছেন। শনিবার দুপুর পর্যন্ত সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে দুজন সাবেক সাংসদসহ মোট সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন: আওয়ামী লীগের সাবেক সাংসদ এস এম আকরাম ও শামীম ওসমান, আওয়ামী লীগ-সমর্থিত সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভী, আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত সভাপতি হাবিবউল্লাহ কাঁচপুরী, বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার, আতিকুর রহমান নান্নু মুন্সী ও আতিকুল রহমান।মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাবিবউল্লাহ কাঁচপুরী। কাউন্সিলর পদে ৬৪ জন ও মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন।রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান জানান, ৯ অক্টোবরের আগে নির্বাচন নিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না।সমর্থনের অপেক্ষা এবং মিষ্টি বিতরণ: আওয়ামী লীগ এখনো কোনো প্রার্থীর প্রতি তার আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেনি। শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী—দুজনেই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। শামীম ওসমানকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে বলে কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়াচ্ছেন তাঁর কর্মীরা। শুক্রবার রাতে শামীম ওসমানের সমর্থকেরা এ নিয়ে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। শামীম ওসমান প্রথম আলোকে বলেন, ‘আমার বিশ্বাস, জননেত্রী শেখ হাসিনা আধুনিক নারায়ণগঞ্জ গড়ার স্বার্থে আমাকে সমর্থন দেবেন। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যে নির্দেশ দেবেন, আমি তা-ই করব।’আইভী বলেন, ‘আওয়ামী লীগ কাউকে সমর্থন দেওয়ার কথা এখনো জানায়নি। আনুষ্ঠানিক ঘোষণা আসুক, তারপর বাকিটা বলব। আগেভাগেই কিছু বলতে চাই না।’গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ: নির্বাচন সামনে রেখে কয়েক দিন ধরেই গণমাধ্যমের কঠোর সমালোচনা করছেন শামীম ওসমান। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে দুটো চ্যানেল মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশ করছে, যাতে শামীম ওসমানের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এই মিথ্যা অপপ্রচার নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান অভিযোগকারীকে তথ্য-প্রমাণ দাখিলের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।সতর্ক করে চিঠি এবং কারণ দর্শাও নোটিশ: নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমানকে সিটি করপোরেশনের নির্বাচনের আগ পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও সরকারি কর্মকর্তাসহ কোনো প্রকল্প পরিদর্শন না করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চিঠি দিয়ে নাসিম ওসমানকে এই অনুরোধ করেন। সাংসদ নাসিম ওসমানের সঙ্গে প্রকল্প এলাকা পরিদর্শন করায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাঁচ কর্মকর্তাসহ মোট আটজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে হবে।নাসিম ওসমানকে দেওয়া কমিশনের চিঠিতে বলা হয়, ‘কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আপনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও সরকারি কর্মকর্তাদের নিয়ে প্রকল্প পরিদর্শনসহ একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন। এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও পরিদর্শনকালে বিভিন্ন প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন, যা নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন আচরণ বিধিমালা ২০১০ অনুসরণে আপনার সহযোগিতা কামনা করছি এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও সরকারি কর্মকর্তাসহ যেকোনো প্রকল্প পরিদর্শন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নোটিশ করা প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন প্রথম আলোকে জানান, আচরণ বিধিমালার ৬-এর ১৪ বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে।গত শুক্রবার সাংসদ নাসিম ওসমানের সঙ্গে নারায়ণগঞ্জ ও বন্দরের মধ্যে শীতলক্ষ্যা নদীতে ফেরি সার্ভিস চালুর জন্য নির্ধারিত এলাকা পরিদর্শনে যান বিআইডব্লিউটিএর পাঁচজন কর্মকর্তা। তাঁরা হলেন: সংস্থার পরিচালক (বন্দর) মাহবুবুল আলম, পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) এমদাদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার, ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী এইচ এম ফরহাদুজ্জামান। জেলা পরিষদের সার্ভেয়ার আবদুল কুদ্দুস, সওজের নারায়ণগঞ্জের উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুস সামাদ পত্তনদারকেও একই কারণে নোটিশ দেওয়া হয়েছে।সম্ভাব্য দুই মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার ও সেলিনা হায়াত কয়েক দিন ধরেই অভিযোগ করে আসছিলেন, শামীম ওসমান যেন সিটি নির্বাচনে সুবিধা পান, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁর ভাই নাসিম ওসমান।