আট কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন সচিবসহ আট কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন। লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে বাড়ি থেকে ‘উচ্ছেদ’ করা আদালত অবমাননার শামিল—এমন দাবি করে গতকাল মঙ্গলবার আপিল বিভাগে আবেদনটি করা হয়।এ ছাড়া সেনানিবাসের বাড়িটি ফেরত চেয়ে অথবা ওখানকার স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে আরেকটি আবেদন করেছেন বিরোধীদলীয় নেত্রী। ২৯ নভেম্বর এ দুটি আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। গতকাল সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি করা হয়। পরে দুপুরে শুনানির জন্য তা আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি এস কে সিনহা শুনানির এ দিন ধার্য করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল এবং ওই রায় স্থগিত চেয়ে করা আবেদনও ২৯ নভেম্বর শুনানির কথা রয়েছে।সেনানিবাসের ৬ শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করেন হাইকোর্ট। ওই রায়ে তাঁকে বাড়ি খালি করতে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। ৮ নভেম্বর এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করা হয়। পরদিন চেম্বার বিচারপতি ১০ নভেম্বর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি মুলতবির আরজি জানালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্ব গঠিত তিন বিচারপতির বেঞ্চ ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। তবে বাড়ি ছাড়ার জন্য দেওয়া ৩০ দিনের সময়সীমা ১২ নভেম্বর শেষ হয়। ১৩ নভেম্বর খালেদা জিয়া বাড়ি ছাড়তে বাধ্য হন।বাড়ি ছাড়ার ১০ দিনের মাথায় গতকাল আবেদন দুটি করা হলো। দুপুরে আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ শুনানি করেন। অন্য আইনজীবীদের মধ্যে ছিলেন জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মাহবুবউদ্দিন, এম বদরুদ্দোজা। সরকারপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী ও মোস্তফা জামান ইসলাম।দুই পক্ষের বক্তব্য: এম কে রহমান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া আদালত অবমাননার অভিযোগে ও বাড়িটি ফিরে পেতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেছেন। চেম্বার বিচারপতি ২৯ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদন দুটি শুনানির দিন নির্ধারণ করেছেন। মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, আপিল বিভাগে লিভ টু আপিল বিচারাধীন অবস্থায় ১৩ নভেম্বর খালেদা জিয়াকে বেআইনিভাবে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এতে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে। সুপ্রিম কোর্টের এখতিয়ার এবং এর স্বাধীনতার প্রতি সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে। এ জন্য আদালত অবমাননা মামলা করা হয়েছে। তাই বাড়িটি ফিরিয়ে দিতে আবেদন করা হয়েছে। তিনি বলেন, আপিল বিভাগের সিদ্ধান্ত রয়েছে, সরকার বিচারাধীন বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে না।আদালত অবমাননার আবেদন: যাঁদের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন, প্রতিরক্ষাসচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব মো. আবদুল আজিজ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, সামরিক ভূসম্পত্তি অধিদপ্তরের পরিচালক মোর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এস এম এমদাদুল হক, ঢাকা সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তানভীর হাসান মজুমদার ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম।আবেদনে বলা হয়, আইএসপিআর বলেছে, খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দিয়েছেন। খালেদা জিয়া নিজে ও তাঁর আইনজীবীরা বলেছেন, ওই বক্তব্য মিথ্যা। খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে উচ্ছেদের প্রক্রিয়া চলছিল, তখন তাঁর আইনজীবীরা লইয়ার সনদ নিয়ে গিয়েছিলেন। তবে তাঁদের সেনানিবাসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ওই সনদের প্রতিও কোনো ধরনের সাড়া দেওয়া হয়নি। এটি আদালত অবমাননার শামিল। সৈয়দ মোহাম্মদ সালেম আজম বনাম গণপূর্ত মন্ত্রণালয় মামলার রায়ের উদাহরণ টেনে আবেদনে বলা হয়, আপিল বিভাগে বিচারাধীন বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না। এ রায় বিবেচনায় খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ আদালত অবমাননার শামিল।অপর আবেদন: নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে লিভ টু আপিল শুনানির আগ পর্যন্ত বাড়িটির কাঠামোয় যেন কোনো পরিবর্তন না আনা হয়, সে জন্য আরজি জানানো হয়েছে। এ আবেদনে প্রতিরক্ষাসচিব, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক ভূসম্পত্তি অধিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি প্রশাসকসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।