আট ঘণ্টা পর উদ্ধার হলো বীরশ্রেষ্ঠ হামিদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে আট ঘণ্টা আটকে থাকার পর আবার চালু হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের ফেরিটি। গতকাল সোমবার রাত তিনটার দিকে বাস-ট্রাকসহ ১২টি গাড়ি নিয়ে ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ আশা-১ ফেরিটি উদ্ধার করে। বিআইডব্লিউটিএ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত তিনটার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে যাত্রা করে। এটি রাত সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছার আগেই মূল চ্যানেলের ডুবোচরে আটকা পড়ে। ফেরিটির নিজস্ব কর্মীরা কিছুক্ষণ চেষ্টা করে উদ্ধার করতে না পেরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের সাহায্য চাই। পরে উদ্ধারকারী জাহাজ আশা-১ ফেরিটি উদ্ধার করে।বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, ফেরিটি স্রোতের কারণে বা ভুলে চ্যানেলের বাইরে যাওয়ায় ডুবোচরে আটকা পড়ে। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফউল্লাহ খান জানান, অতিমাত্রায় নাব্যতা-সংকটের কারণে ফেরিগুলোর ধারণক্ষমতা এক-তৃতীয়াংশে নেমে আসায় পাটুরিয়া ও দৌলতদিয়ায় কয়েক শ গাড়ি আটকা আছে।