আট ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
দীর্ঘ আট ঘণ্টা পর আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাজশাহীর সঙ্গে জয়দেবপুরের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকায় সকাল নয়টার দিকে আন্তঃনগর একতা এক্সপ্রেস নামের একটি ট্রেন বিকল হয়ে পড়ে। এতে রাজশাহী-জয়দেবপুর রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর-রাজশাহী রেললাইনের প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, ট্রেনের মাঝখানের বগির ইকোলেজার এক্সেল ভেঙে গিয়ে ট্রেনটি হঠাত্ থেমে যায়। তিনি বলেন, প্রায় দুই হাজার যাত্রী নিয়ে দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল একতা এক্সপ্রেস। পথে সকাল নয়টার দিকে মাটিকাটা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পৌঁছামাত্র বিকট শব্দ হয়ে ট্রেনটি থেমে যায়। ট্রেনের মাঝখানের একটি বগির নিচের চাকায় ত্রুটির কারণে এমনটি হয়েছে। পরে কমলাপুর থেকে একটি উদ্ধাকারী ট্রেন গিয়ে ত্রুটিপূর্ণ বগিটি পাশের লাইনে সরিয়ে নেয়। এরপর বিকেল পাঁচটার দিকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়া উদ্দিন জানান, রেললাইনের ওপর ট্রেনটি বিকল হওয়ায় জয়দেবপুর জংশনে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ও পাশের মৌচাক স্টেশনে খুলনাগামী সুন্দরবন ট্রেনটি আটকা পড়েছে। ট্রেনটি না সরানো পর্যন্ত ওই রেললাইনে কোনো ট্রেন চলাচল করতে পারবে না। মৌচাক রেলস্টেশন ও জয়দেবপুর জংশন থেকে থেকে যন্ত্রপাতি দিয়ে বিকল হওয়া বগিটি মেরামতের চেষ্টা চলছে। তিনি বলেন, আশপাশের রেলস্টেশনগুলোতে ওই বগি সরানোর ক্রেন না থাকায় ঢাকার কমলাপুর থেকে ক্রেন এনে এটি সরাতে হয়। করেন।ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। কেউ কেউ ট্রেন থেকে নেমে হেঁটে দুই কিলোমিটার দূরে মৌচাক রেলস্টেশনে চলে যান। আবার কেউ কেউ মালপত্র নিয়ে রিকশাযোগে বাসস্টেশনে যান।