আট ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু
আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার সকাল সাড়ে নয়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে চার কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে ছয় শতাধিক যানবাহন।বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুত্ কুমার সাহা প্রথম আলো অনলাইনকে জানান, ঘন কুয়াশার কারণে গতকাল রাত দেড়টার দিকে পাটুরিয়া ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে যায়নি। এর আগে রাত দেড়টার দিকে খানজাহান আলী ফেরি যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার ১৫ মিনিট পর মাঝনদীতে আটকা পড়ে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ আলী, শাহ পরান ও কেরামত আলী ফেরি চারটি যানবাহন বোঝাই করে নোঙর করে থাকতে বাধ্য হয়। এ সময় পাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৩০০ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় আজ সকাল সাড়ে নয়টা থেকে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে।