আট দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। এসব দাবির মধ্যে আছে—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধ ইত্যাদি।আজ শনিবার সকাল সাড়ে সাতটা থেকে প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের সামনে এ কর্মসূচি চলছে। সাতটার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। পরে তাঁরা প্রশাসনিক ভবনের দোতলায় অবস্থান নেন। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যের অফিসের কার্যালয়ের সামনে বসে পড়েন।আন্দোলনরত শিক্ষকেরা বলেন, আট দফা দাবিতে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আকতার হোসেন বলেন, চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলছে।