দুই মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ১৫৪ জন নেতা-কর্মীর মধ্যে ১৫১ জনের জন্য আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার পৃথক দুই আদালত রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।দুই মামলায় তিন নেতা বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও আমানউল্লাহ আমানের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় পাঁচ দিন করে রিমান্ডপুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ১৫৪ জন নেতা-কর্মীকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এ সময় আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়।শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেইন ১৫১ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি তিন নেতা জয়নুল আবদিন ফারুক, রুহুল কবীর রিজভী আহমেদ ও আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁদের বিরুদ্ধে আগেই সুনির্দিষ্ট শুনানি হওয়ায় আদালত নতুন করে তাঁদের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি নাকচ করেন।বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিন দিন করে রিমান্ডবিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপির ১৫৪ জন নেতা-কর্মীকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এ সময় আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে দ্রুত বিচার আদালত-৫-এর বিচারক কেশব রায় চৌধুরী ১৫১ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি তিন নেতা জয়নুল আবদিন ফারুক, রুহুল কবীর রিজভী আহমেদ ও আমানউল্লাহ আমানের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি নাকচ করে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিস্ফোরক মামলায় দুই পক্ষের শুনানির অংশবিশেষবিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার শুনানিকালে আসামিপক্ষ আসামিদের ডান্ডাবেড়ি পরিয়ে কোন আইনে আদালতে হাজির করা হয়েছে, তার ব্যাখ্যা চান। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, যাঁদের বিরুদ্ধে একের অধিক মামলা আছে, তাঁদের ডান্ডাবেড়ি পরানোর ব্যাপারে আইনগত বাধা নেই। এ সময় বিচারক কেশব রায় চৌধুরী বলেন, অভ্যাসগত অপরাধীদের কারাবিধি অনুযায়ী ডান্ডাবেড়ি পরানোর বিধান রয়েছে। অধিক সংখ্যক আসামি হওয়ার কারণে আদালতের নিরাপত্তার প্রয়োজনে ডান্ডাবেড়ি পরানো হয়েছে কি না, তা জানতে চান।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আপত্তি তুলে বলেন, আদালতে ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে পুলিশকে ব্যাখ্যাসহ অনুমতি নিতে হবে। এ পর্যায়ে আদালত বলেন, সার্বিক বিষয় পর্যালোচনা করে আদেশ দেওয়া হবে। দুই পক্ষে যাঁরা শুনানি করেনরাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার, এ এফ এম রিজাউর রহমান, জাহেদ হোসেন সরদার, তাপস কুমার দত্ত প্রমুখ। আসামি পক্ষে শুনানি করেন রফিকুল ইসলাম মিয়া, জয়নাল আবেদিন, আমিনুল হক, গোলাম মোস্তাফা খান, খুরশেদ আলম মিয়া প্রমুখ।
পূর্বের ঘটনাবলিগত ১১ মার্চ বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে হানা দিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫৭ জনকে আটক করে নিয়ে যায়। এর ১৯ ঘণ্টা পর ১২ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে ওই দিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দুটি মামলা করে।