আট দিন ধরে দলীয় কার্যালয়ে ‘অবরুদ্ধ’ রিজভী আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দিন ধরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তাঁর থাকা, খাওয়া, ঘুম—সবকিছুই হচ্ছে সেখানে। তাঁর দাবি, পুলিশ তাঁকে অবরুদ্ধ করে রেখেছে।রিজভী আহমেদ প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁকে গ্রেপ্তারের জন্য বিএনপির কার্যালয়ের সামনে ও আশপাশে সব সময় পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ থাকে। গ্রেপ্তার এড়াতে তিনি কার্যালয় থেকে বের হচ্ছেন না।জানতে চাইলে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন দাবি করেন, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিএনপির কার্যালয়ের সামনে দু-চারজন পুলিশ থাকলেও থাকতে পারে। তবে রিজভী আহমেদকে গ্রেপ্তারের জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, তা ঠিক নয়।৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির দিন এবং এর আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়েছে। এসব মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের আসামি করা হয়। এর মধ্যে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী আহমেদকে আসামি করা হয়।অবশ্য গ্রেপ্তারের আশঙ্কায় রিজভী আহমেদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী অবরোধের আগের রাত থেকেই দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই রাত থেকেই কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করে। এর মধ্যে ১০ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখান থেকে সন্ধ্যায় বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে গ্রেপ্তারের আশঙ্কায় রিজভী আহমেদ আর বের হননি। তবে আটকে পড়া বাকি নেতা-কর্মীরা ১৩ ডিসেম্বরের হরতালের পর সুযোগ বুঝে বের হয়ে গেছেন বলে বিএনপির কার্যালয় থেকে জানানো হয়।গতকাল সন্ধ্যায় গিয়ে দেখা যায়, বিএনপির কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদের (জাসাস) আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কার্যালয়ের আশপাশে বেশ কজন পুলিশ সদস্যকে দেখা যায়। এ ছাড়া কার্যালয়ে কারা ঢুকছেন বা বের হচ্ছেন, তা নজরদারি করতে সাদা পোশাকের পুলিশও রয়েছে। জানতে চাইলে পুলিশের একজন সদস্য দাবি করেন, অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালনের কাজ করছেন তাঁরা।বিএনপির কার্যালয়ের ভেতরে গিয়ে দেখা যায়, বিশ্রামাগারে একটি বিছানায় শুয়ে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন রিজভী আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ৮ ডিসেম্বর রাত থেকেই তিনি অবরুদ্ধ হয়ে আছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য কার্যালয়ের সামনে সব সময় পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ নিয়োজিত আছে। তাঁর আশঙ্কা, কার্যালয় থেকে বের হলেই তাঁকে গ্রেপ্তার করে মির্জা ফখরুলের মতো আরও বিভিন্ন মামলায় আসামি করা হবে। রিজভী আহমেদ দাবি করেন, অবরুদ্ধ অবস্থায় থেকেই তাঁর ওপর অর্পিত দলীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি নিয়মিত দলীয় সংবাদ ব্রিফিংও করছেন।