আট দিন পর সচল আখাউড়া স্থলবন্দর
আট দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুরোদমে শুরু হয়েছে। সকাল নয়টায় ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়। স্থলবন্দরের সড়ক সংস্কারের দাবিতে ১১ অক্টোবর থেকে ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে চার দিন এবং আগরতলার ব্যবসায়ীরা দুর্গাপূজায় আমদানি-রপ্তানি বন্ধ রাখায় পরের চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম বলেন, ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে রপ্তানির জন্য বিভিন্ন পণ্য নিয়ে প্রায় ২০০ ট্রাক আখাউড়া স্থলবন্দরে অপেক্ষা করছে। মাছ রপ্তানিকারক সমিতির নেতা মো. ফারুক মিয়া প্রথম আলোকে বলেন, সকাল নয়টা থেকে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে। বন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী জানান, ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। পণ্যবাহী আরও অর্ধশতাধিক ট্রাককে ছাড়পত্র দেওয়া হয়েছে।