আট নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত চক্রটি সাত বছরে পাঁচটি মন্ত্রণালয়ের আটটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। সরকারি ছাপাখানা বিজি প্রেস ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) কর্মচারীদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে জড়িত। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পুলিশ এ তথ্য পেয়েছে বলে জানিয়েছে।পুলিশ এ পর্যন্ত জানতে পেরেছে, সর্বশেষ আটটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি। এগুলো হলো: অর্থ মন্ত্রণালয়ের অধীন শুল্ক কর্মকর্তা নিয়োগ পরীক্ষা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বিআরটিএর পরিদর্শক নিয়োগ এবং সড়ক ও জনপথের সহকারী প্রকৌশলী নিয়োগ, এর আগে নিয়োগ পাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থানা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা। এসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে তাঁরা তিন লাখ টাকা করে নেয়। রংপুরে ধরা পড়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ থেকে পুলিশ জানতে পেরেছে, তাঁদের এবার ৩০০ পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেওয়ার কথা ছিল।এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বিজি প্রেস ও পিএসসির ১১ কর্মকর্তা-কর্মচারীর ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবে লেনদেন এখন বন্ধ। বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফার ভায়রা শফিউর রহমানের ব্যাংক হিসাবে গতকাল আরও ২৮ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে। আগের দিন অন্য দুটি ব্যাংক হিসাব থেকে ৯৫ লাখ টাকা জব্দ করা হয়। ২৯ বছরের শফিউরের বাবা দিনমজুর।সূত্র জানায়, এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করে তাঁদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।রংপুর জেলা পুলিশ এ ঘটনায় জড়িত নেপথ্যের পুরো চক্রটিকে শনাক্ত করেছে। এ চক্রের ছয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরও পাঁচজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের চারজন বিজি প্রেস ও পিএসসির কর্মকর্তা-কর্মচারী। একজন বাইরের লোক। এ ছাড়া বিজি প্রেস থেকে প্রশ্নপত্র বাইরে আনার কাজে জড়িত কম্পোজিটর শহীদুল ইসলাম ও পিএসসির সাবেক সদস্য মাহফুজুর রহমানের ভাগ্নে আতিকুল ইসলামকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, এই চক্রের সদস্যদের টানা জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্য নিয়ে তাঁরা নিজেরাও বিস্মিত। চক্রের অন্য সবাইকে গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা করেন।সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, ২০০৩ সাল থেকেই তাঁরা প্রশ্নপত্র ফাঁসের কারবার চালিয়ে আসছিলেন। আগে খুব গোপনে, সতর্কভাবে এ কাজ করা হতো। এবার এই চক্রের সদস্যরা বেপরোয়া হওয়ায় ধরা পড়ে গেছেন।ব্যাংক হিসাব জব্দ: সূত্র জানায়, এখন পর্যন্ত ১১টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব হিসাব যাঁদের নামে, তাঁরা হলেন: বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফা, তাঁর স্ত্রী বাইন্ডার লাবণী, বাইন্ডার হামিদুল ইসলাম, কম্পোজিটর শহীদুল ইসলাম, মোস্তফার ভায়রা শফিউর রহমান (তিনটি হিসাব), আতিকুল ইসলাম, নীলফামারীর কিশোরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান, পিএসসির প্রশাসনিক কর্মকর্তা এম এ রউফ ও জিপি প্রেসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।যেভাবে জানাজানি: রংপুরের জেলা পুলিশ সুপার জানান, প্রশ্নপত্র ফাঁসের আগাম খবর দিয়েছিল ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তাঁদের দেওয়া তথ্যের সূত্র ধরে ৮ জুলাই জেলার পুলিশ গঙ্গাচড়ার ভিন্নজগত বিনোদন কেন্দ্রে অভিযান চালায়। সেখানে পরীক্ষার্থীসহ ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী প্রথম আলোকে বলেন, বিশেষ শাখার একটি দল আট মাস ধরে প্রশ্ন ফাঁসের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। এ চক্রের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।যেভাবে প্রশ্নপত্র ফাঁস হয়: প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি বেশ চমকপ্রদ। বিজি প্রেসের ভেতরে প্রশ্নপত্র ছাপা হওয়ার পর এর কপি জোগাড় করা হয়। তবে পুরো প্রশ্নপত্র একসঙ্গে বাইরে আনা হয় না। একটি প্রশ্নপত্র টুকরো টুকরো করে বাইরে আনা হয়। পরে সেই টুকরোগুলো জোড়া দিয়ে পুরো প্রশ্নপত্র তৈরি করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ধরা পড়া প্রশ্নপত্র বাইরে আনার মূল দায়িত্ব পালন করতেন কম্পোজিটর শহীদুল ইসলাম। বিজি প্রেসের নিয়মানুসারে পকেটযুক্ত প্যান্ট পরা যায় না। শহীদুল বেল্টের নিচের অংশ কৌশলে কেটে নিয়ে তার ভেতরে প্রশ্নপত্রের টুকরো লুকিয়ে বাইরে নিয়ে আসেন। শহীদুলের বাড়ি থেকে পুলিশ এ রকম একটি প্যান্ট উদ্ধার করেছে। প্যান্টটি তৈরি করেছে ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের একটি টেইলার। রাজধানীর তেজগাঁও পুলিশ গতকাল ওই টেইলারের মাস্টারকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি এ রকম দুটি প্যান্ট তৈরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।প্রশ্ন বিতরণ: এ চক্রের প্রশ্নপত্র বিতরণের কৌশলও ভিন্ন। এরা পরীক্ষার্থীর হাতে সরাসরি প্রশ্নপত্র তুলে দেয় না। প্রশ্নপত্র এদের নির্ধারিত সময়ের জন্য পড়তে দেওয়া হয়। এ সময় পরীক্ষার্থীর হাত থেকে মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারেন, দেশের প্রায় সব জেলায় এদের লোক আছে। সম্ভাব্য বিপদ এড়াতে সব পরীক্ষার্থীর ব্যাপারে খোঁজখবর নেওয়ার পর প্রশ্নপত্র বিতরণ করা হয়। ঘটনার দিন সকাল থেকেই ভিন্নজগতের একটি কক্ষে পরীক্ষার্থীদের জড়ো করা হয়। এরপর তাঁদের সবার মোবাইল ফোন নিয়ে আলাদা স্থানে রেখে দেওয়া হয়। পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রশ্নপত্র। তিন-চার ঘণ্টা ধরে পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্র মুখস্থ করে অথবা কাগজে লিখে নেন। এরপর তাঁদের হাত থেকে প্রশ্নপত্র নিয়ে নেওয়া হয়। ভিন্নজগতে পুলিশ অভিযানের সময় একটি ব্যাগ থেকে দেড় শ মোবাইল ফোনের সেট উদ্ধার করে।গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ: প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন সরকারি চাকুরেসহ ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গ্রেপ্তার হন বিজি প্রেসের কর্মচারী আবদুল জলিল। ২৮ লাখ টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে জিপি প্রেসের সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলী, পিএসসির প্রশাসনিক কর্মকর্তা এম এ রউফ, বিজি প্রেসের কম্পোজিটর মোস্তফা, সরকারি প্রিন্টিং প্রেসের বাইন্ডার হামিদুল ইসলাম, বিজি প্রেসের কম্পোজিটর লাবণী। জিজ্ঞাসাবাদ থেকে পুলিশ জানতে পারে, ভিন্নজগতে ওই সময় আতিকুল ইসলাম ঘটনাস্থলে ছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সরে পড়েন।রংপুরে কেন প্রশ্নপত্র এল: পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার মোস্তফা ও হামিদুল ইসলামের বাড়ি রংপুরে। প্রাথমিকভাবে এরাই চক্রের সদস্যদের রংপুরে নিয়ে আসে। তা ছাড়া রংপুরে বিভিন্ন এনজিও সংগঠনের কার্যক্রম বেশ শক্তিশালী। এ থেকে চক্রের সদস্যরা মনে করেছিলেন, এনজিওর কর্মসূচির মতো করে কাজ করলে কেউ সহজে বুঝতে পারবে না। এ কারণেও এরা রংপুরে আসে। তা ছাড়া ভিন্নজগত বিনোদন পার্কটি বেশ বড়। এখানে এ ধরনের তৎপরতা সহজে চোখেও পড়বে না। অন্যদিকে ঢাকার কাছাকাছি হলে এতে পুলিশের নজর পড়বে।জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিপুল সম্পদের অধিকারী। কম্পোজিটর মোস্তফার ঢাকায় দুটি ফ্ল্যাট, একটি চারতলা বাড়ি, রংপুরের আর কে রোডে জমি, সিও বাজারে সাততলা নির্মাণাধীন বাড়ি রয়েছে। হামিদুলও রংপুরে দুটি বাড়ির মালিক। এ ছাড়া বিপুল পরিমাণ জমিও কিনেছেন তিনি। অধ্যক্ষ মাহফুজুর রহমানের ব্যাংক হিসাবে আছে ২০ লাখ টাকা। আছে নিজের নামে ১৩ একর জমি। অন্যদের সম্পদ সম্পর্কে পুলিশ খোঁজ নিচ্ছে।