ঢাকা জজ আদালত এলাকায় এক নারীর শ্লীলতাহানি, সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের ঘটনায় পুলিশের আট কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। তাঁদের আগামী ৬ জুন আদালতে হাজির হয়ে নিজেদের ভূমিকার ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। তাঁরা হলেন—পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন উর রশীদ, সহকারী কমিশনার (এসি) রাজীব আল মাসুদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান, উপপরিদর্শক (এসআই) জামান ও জাহাঙ্গীর এবং পুলিশ ক্লাবের সভাপতি।ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আজ আদালত এ ছয়জন পুলিশ কর্মকর্তার সঙ্গে আরও দুজন কর্মকর্তাকে আগামী ৬ জুন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। অপর দুজন হলেন—এসআই নুরুজ্জামান সরকার ও আমির আফজাল বিপ্লব।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।আদালত চত্বরে পুলিশের শ্লীলতাহানির ঘটনা নিয়ে প্রথম আলো, ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি কে এম সাইফুদ্দিন। সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত নির্দেশনা দেন।ওই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং সরকারি চাকরি বিধিমালা অনুসারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে পুলিশপ্রধানকে বলা হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিক্ষাসহ জীবনবৃত্তান্ত, অতীত রেকর্ড জানাতে বলা হয়েছে।এ ছাড়া প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য ক্ষতিগ্রস্ত নারী, তাঁর মা-বাবা, প্রথম আলোর আদালত প্রতিবেদক ও আইনজীবী প্রশান্ত কর্মকার, কালের কণ্ঠ পত্রিকার আবদুল জলিল ও বাংলাদেশ প্রতিদিনের তুহিন হাওলাদার, আইনজীবী শাখাওয়াত হোসেন ও রাশেদুলকে ৬ জুন আদালতে আসতে বলেন। এ ছাড়া আদালতকে সহায়তা করার জন্য আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালকে আসতে বলা হয়েছে।প্রসঙ্গত, আদালতে বিচারপ্রার্থী এক তরুণী ও তাঁর মা-বাবাকে প্রকাশ্যে নির্যাতন ও হয়রানি করে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের চত্বরে কয়েকজন পুলিশ সদস্য এ ঘটনা ঘটান।