আট পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা আদালতের মূল ফটকে এক বিচারককে পেটানোর ঘটনায় পুলিশের আট সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাঁদের ২৭ জুনের মধ্যে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পুলিশ সদস্যরা হলেন: জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল, কনস্টেবল কলিম উদ্দিন, নায়েক মো. আবদুস সালাম, কনস্টেবল মোখলেছুর রহমান, মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম ও সঞ্জয় কুমার। এর মধ্যে নায়েক আবদুস সালাম, কনস্টেবল কলিম ও নায়েক রুহুল আমিনকে ঘটনার পরপর সাময়িক বরখাস্ত করা হয়। আদালত সূত্রে জানা যায়, ১০ জুন নরসিংদী জেলা জজ আদালতের প্রধান ফটকে পুলিশের হাতে নির্যাতনের শিকার হন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মো. ইমান আলী। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের ওসিসহ চারজনের নাম উল্লেখ করে এবং সাত-আটজনকে অজ্ঞাত উল্লেখ করে আদালতে মামলা করেন দায়রা জজ আদালতের নাজির রাকিবুল হাসান। মামলা গ্রহণ করে মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে দায়িত্ব দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেন।অন্যদিকে জেলা পুলিশ প্রশাসন অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মো. মোকলেছুর রহমানকে প্রধান করে আলাদা তদন্ত কমিটি গঠন করে। এরই পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে গতকাল মুখ্য বিচারিক হাকিম আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।তদন্ত প্রতিবেদন অনুযায়ী, জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলাম সার্বিক তদন্ত ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে জানতে পারেন, ১০ জুন নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার ধার্য তারিখ থাকায় আদালতের মূল ফটকসহ গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ওই দিন সকাল নয়টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমান আলী শেখ রিকশায় করে জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের মূল গেটে আসামাত্র পুলিশ সদস্য সুধীর সামন্ত গতি রোধ করেন। তখন বিচারক ওই পুলিশ সদস্যকে পরিচয় দেন। পুলিশ সদস্য তাঁকে জানান, ‘স্যার আজকে লোকমান হত্যা মামলার তারিখ। আপনি রিকশা থেকে নেমে হেঁটে যান।’ বিচারক তখন হেঁটে পূর্ব পাশের পকেট গেট দিয়ে ভেতরে যাচ্ছিলেন। ওই সময় নায়েক রুহুল আমিন তাঁর ব্যাগ তল্লাশি করার নির্দেশ দেন। গেটে দায়িত্বরত কনস্টেবল কলিম উদ্দিন বিচারকের ব্যাগ টেনে ধরে তা তল্লাশি করতে চান। বিচারক আবারও তাঁর পরিচয় দেন। পরিচয় দেওয়া সত্ত্বেও কনস্টেবল কলিম বিচারক ইমান আলীকে ধমক দিয়ে বলেন, ‘আপনিই ব্যাগ খুলেন।’ তখন বিচারক বলেন, ‘পরিচয় দেওয়া সত্ত্বেও আপনারা আমার সঙ্গে যে আচরণ করেছেন তা বেয়াদবির শামিল।’ তখন কনস্টেবল কলিম উত্তেজিত হয়ে ওঠেন এবং বিচারককে মারতে উদ্যত হন। ঠিক তখনই নায়েক আবদুস সালাম, কনস্টেবল মোখলেছুর রহমান, মাহবুবুর রহমান ও শহীদুল ইসলাম বিচারককে চারদিক দিয়ে ঘিরে ধরেন এবং সামনে-পেছন থেকে ধাক্কা ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। কনস্টেবল সাইফুল ইসলাম বিচারকের বুকের ডান পাশে ঘুষি মারেন। ইতিমধ্যে তাঁরা বিচারককে ধাক্কাতে ধাক্কাতে পশ্চিম দিকে মূল ফটকের মাঝামাঝি নিয়ে আসেন। তখন কনস্টেবল সঞ্জয় কুমার বিচারকের মাথার ডান পাশে সজোরে হেলমেট দিয়ে আঘাত করেন। বিচারক তখন ঘটনাস্থলে থাকা ডিবির ওসি মামুনুর রশিদ মণ্ডলকে বলেন, ‘আমি এখানকার যুগ্ম জেলা জজ পরিচয় দেওয়ার পরও আমার সঙ্গে পুলিশ যে আচরণ করেছে, আমি এর বিচার করব।’ তখন ওসি মামুনুর ক্ষিপ্ত হয়ে বলেন, ‘বিচার যা করতে পারেন, করেন গ্যা। এখন যান।’বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডিবির ওসি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হয়েও তিনি ঘটনাস্থল থেকে বিচারককে উদ্ধার করে অফিসে নিয়ে আসেননি বরং বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এরপর সাক্ষীদের সহায়তায় বিচারক তাঁর নিজ অফিসে যান এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তদন্তকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলাম আরও জানতে পারেন, শরীর ফুলে বিচারক ইমান আলী শেখের গায়ের জখমগুলো দৃশ্যমান হয়ে ওঠে। শরীরে তীব্র ব্যথা অনুভব হওয়ায় ঘটনার পরদিন তিনি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন। মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা গতকাল নালিশি দরখাস্ত, তদন্ত প্রতিবেদন ও প্রতিবেদনের সঙ্গে দাখিল করা কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে আট আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৫৩/৩৩২/৩৩৩/৩৪১ ধারায় অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।