আট বছর পর প্রিন্সের সুর-সংগীতে কুমার বিশ্বজিৎ
বছর আটেক আগে প্রকাশিত হয়েছিল কুমার বিশ্বজিতের একক অ্যালবাম ‘একমুঠো জ্যোছনা’। অ্যালবামটির সব গানই ছিল প্রিন্স মাহমুদের করা। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও একসঙ্গে অ্যালবামের কাজ শুরু করেছেন এই শিল্পী জুটি।‘একমুঠো জ্যোছনা’ অ্যালবামের ‘কাগজের ফুল’, ‘গণতন্ত্র’, ‘তুলনাহীনা’, ‘তুমি ছাড়া’ গানগুলো শ্রোতারা পছন্দ করেছিলেন। এটাই এখন পর্যন্ত এ জুটির প্রথম একক অ্যালবাম। সম্প্রতি আবার জুটিবদ্ধ হলেন তাঁরা।কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, তাঁর ২৮তম একক অ্যালবামের সবগুলো গানের সুর-সংগীত করবেন প্রিন্স মাহমুদ। এ বছরের কোনো এক সময়ে অ্যালবামটি প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিনের শখ ছিল প্রিন্স মাহমুদের সুর-সংগীতে আরেকটি একক অ্যালবাম করার। কিন্তু নানা ব্যস্ততার কারণে দুজনের একসঙ্গে সময় হয়ে উঠছিল না। এবার অ্যালবামটির কাজ শুরু করলাম। আশা করছি, ভালো একটা কিছু দাঁড়াবে।’কুমার বিশ্বজিৎ জানান, নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামে মোট গান থাকবে ১০টি। সব গানই হবে একক। সব গানেরই সুর ও সংগীত করবেন প্রিন্স মাহমুদ। গানের কথা প্রিন্স মাহমুদের পাশাপাশি অন্যদেরও থাকতে পারে।