আট বছরে ১০ বার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আট বছরে পূর্ব সুন্দরবনে এ নিয়ে ১০ বার আগুন লাগল। মূলত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আগুন লাগার ঘটনাগুলো ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রেই আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যায়নি। পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা মনে করছেন, সুন্দরবনের পূর্ব অংশ গত এক যুগে পলি পড়ে বেশ উঁচু হয়ে গেছে। বনের ভেতরের দিকে জোয়ারের পানি প্রবেশ করতে পারছে না। ফলে শুষ্ক মৌসুমে ঝরে পড়া পাতা পচে মিথেন গ্যাস তৈরি হয়ে আগুন ধরে যায়। অনেক সময় মৌয়ালদের সিগারেট বা চুলার আগুন থেকে শুকনো পাতায় আগুন ধরে তা বনে ছড়িয়ে পড়ে। বন বিভাগের উপ-প্রধান বন সংরক্ষক (সামাজিক বনায়ন উইং) এবং সুন্দরবন পূর্ব বিভাগের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, ভোলা নদীর পার্শ্ববর্তী প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এলাকার বিভিন্ন স্থানে সুন্দরবনের ভূভাগ উঁচু হয়ে গেছে। জোয়ারে ওই সব জায়গায় পানি ওঠে না। শীতকালে সেখানে বনের পাতা পড়ে ছয় থেকে নয় ইঞ্চি পুরু একটি স্তর তৈরি হয়। আধাপচা এই পাতার ফাঁকে তৈরি হয় মিথেন গ্যাস। বৃষ্টি না হলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ওই সব এলাকা খুবই শুষ্ক থাকে। এ সময় অসতর্ক বন ব্যবহারকারীদের ফেলে যাওয়া জ্বলন্ত বিড়ি-সিগারেট বা মৌয়ালদের মশালের আগুন অথবা প্রচণ্ড সূর্যতাপের কারণে শুকনো পাতা থেকে বনে আগুন ধরতে পারে। তাই বৃষ্টির মৌসুম না আসা পর্যন্ত ওই এলাকায় অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে।সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ নিয়ে ২০০১ সালে সুন্দরবন পূর্ব বিভাগের কার্যক্রম শুরু হয়। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পূর্ব বন বিভাগে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কমপক্ষে নয়টি অগ্নিকাণ্ড ঘটে। যার বেশির ভাগই ঘটেছে চাঁদপাই স্টেশন থেকে তেরাবেকা ক্যাম্প পর্যন্ত ভোলা নদীর পার্শ্ববর্তী এলাকায়। এর মধ্যে ২০০২ সালে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যে, ২০০৪ সালে চাঁদপাই রেঞ্জের নাংলি ও আড়ুয়ার খাল এলাকায়, ২০০৫ সালে একই রেঞ্জের কলমতেজি ও ঘুটাবাড়িয়ায়, ২০০৬ সালে শরণখোলা রেঞ্জের তেরাবেকা, চাঁদপাই রেঞ্জের কলমতেজি ও ধানসাগরের নাংলি এবং ২০০৭ সালে নাংলি এলাকার পচাকুড়ালিয়ায় অগ্নিকাণ্ড ঘটে।