আট বছরে ২০০ কোটি টাকার ট্রান্সফরমার চুরি
একে তো বিদ্যুতের সংকট। তার ওপর স্থায়ী উপদ্রব ট্রান্সফরমার চুরি। পল্লী বিদ্যুৎ এলাকায় এই ট্রান্সফরমার চুরি প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।২০০২ সাল থেকে এখন পর্যন্ত আট বছরের বেশি সময়ে সারা দেশে পল্লী বিদ্যুতের প্রায় ২০০ কোটি টাকার ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমারের সংখ্যা প্রায় ৩০ হাজার।পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী, চুরি হওয়া এসব ট্রান্সফরমারের দাম পরিশোধ করতে হয়েছে গ্রাহকদের, যাদের অধিকাংশই দরিদ্রশ্রেণীর। প্রতি মাসে তারা বিদ্যুৎ ব্যবহার করে ৬৫ টাকার। অথচ বছরে ট্রান্সফরমার চুরির দায় বাবদ দিতে হয় কয়েক হাজার টাকা।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ফলে গ্রাহকদের কেবল যে প্রতিবছর প্রায় ২০০ কোটি টাকা গুনতে হচ্ছে তা-ই নয়, কোনো কোনো এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে। ফলে কৃষি, শিল্প, হাঁস-মুরগি ও গরুর খামারসহ পল্লি ও মফস্বল শহর এলাকার যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ভীষণ ব্যাহত হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ওপরও।বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে কয়েক দিন আগে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, চুরিরোধে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে— যেখানে সম্ভব ট্রান্সফরমারগুলো খুঁটির সঙ্গে ওয়েল্ডিং করে দেওয়া, গ্রাহকদের বাড়ির মধ্যে বসানোর চেষ্টা করা, পাহারার ব্যবস্থা, প্রত্যেক এলাকায় ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়ার মতো কারিগরি জ্ঞানসম্পন্ন লোক যারা আছে, তাদের চিহ্নিত করে নজরদারি করা প্রভৃতি। মাঠপর্যায়ে এসব ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান।সারা দেশে পল্লী বিদ্যুতের ৭০টি সমিতির (পবিস) আওতাভুক্ত এলাকা থেকে ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়ে চুরি হওয়া ট্রান্সফরমারের একটি পূর্ণাঙ্গ হিসাব পাওয়া গেছে। এতে দেখা যায়, চুরি বাড়তে বাড়তে ২০০৭ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এই পুরো সময়ে চুরি হয় ২৯ হাজার ১১৮টি ট্রান্সফরমার। এর মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি ১০ হাজার ২৬৮টি চুরি হয় ২০০৭ সালে।একাধিক সূত্র জানায়, ট্রান্সফরমারগুলো চুরির প্রায় প্রতিটি ঘটনার সঙ্গেই পল্লী বিদ্যুতের লোক জড়িত থাকে। ট্রান্সফরমার চুরির পর গ্রাহকদের বলা হয়, টাকা দিলেই পল্লী বিদ্যুতের গুদাম থেকে ট্রান্সফরমার এনে লাগিয়ে দেওয়া হবে। গুদামের কথা বলা হলেও অনেক ক্ষেত্রেই কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটিয়ে চুরি হওয়া ট্রান্সফরমারই লাগিয়ে দেওয়া হয়।তবে গত দুই বছর পল্লী বিদ্যুতের নতুন কোনো প্রকল্প না থাকায় গুদামে প্রায় কোনো পণ্যই নেই। ফলে টাকা দিলেই গুদাম থেকে ট্রান্সফরমার এনে লাগিয়ে দেওয়া যাবে—এ কথা বলার সুযোগ কমে গেছে। এতে সম্প্রতি চুরিও কিছু কমে গেছে। এ ছাড়া কর্তৃপক্ষের কিছু উদ্যোগ এবং গ্রাহকদের সচেতনতা বৃদ্ধিও চুরি কমার অন্যতম কারণ বলে সূত্রগুলো জানায়।সারা দেশে পল্লী বিদ্যুতের নয়টি অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে পবিসের সংখ্যা আট। আটটি পবিসের এলাকা থেকে সাত বছরে মোট ট্রান্সফরমার চুরি হয়েছে তিন হাজার ৩১৮টি। চট্টগ্রাম অঞ্চলের চারটি পবিসের এলাকা থেকে সাত বছরে মোট চুরি হওয়া ট্রান্সফরমারের সংখ্যা ৭৮৮। খুলনা অঞ্চলের ১৪টি পবিসের এলাকা থেকে সাত বছরে চুরি হয়েছে পাঁচ হাজার ১০টি ট্রান্সফরমার। রাজশাহী অঞ্চলের ১০টি পবিসের এলাকা থেকে একই সময়ে ট্রান্সফরমার চুরি হয়েছে ছয় হাজার ২৪০টি। কুমিল্লা অঞ্চলের সাতটি পবিসের এলাকা থেকে সাত বছরে ট্রান্সফরমার চুরি হয়েছে এক হাজার ৬৯৪টি। ময়মনসিংহ অঞ্চলের আটটি পবিসের এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সংখ্যা চার হাজার ১৩৭। সিলেট অঞ্চলের পাঁচটি পবিসের এলাকা থেকে এই সাত বছরে ট্রান্সফরমার চুরি হয়েছে মোট এক হাজার ৯৪২টি। বরিশাল অঞ্চলের ছয়টি পবিসের এলাকা থেকে সাত বছরে ট্রান্সফরমার চুরির সংখ্যা মোট ৭৫৩। রংপুর অঞ্চলের আটটি পবিসের এলাকা থেকে সাত বছরে ট্রান্সফরমার চুরি হয়েছে মোট পাঁচ হাজার ২৩৬টি। এ ছাড়াও গত নভেম্বর পর্যন্ত সময়ে সব মিলিয়ে আরও চুরি হয়েছে ৫৮৮টি ট্রান্সফরমার।