আট বছরের শিশু গৃহকর্মীকে হত্যা
রাজধানীর সবুজবাগে আট বছরের এক শিশু গৃহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে শিশুটিকে ধর্ষণও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আটক করা হয়েছে সংশ্লিষ্ট গৃহকর্তা সোহেল হাওলাদার ও গৃহকর্ত্রী ফাহমিদা ইসলামকে। আজ শুক্রবার সকালে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির নাম সুলতানা আক্তার।পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির অবস্থার অবনতি হলে রাত একটার দিকে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।আজ সকাল সাড়ে সাতটার দিকে শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল থেকে খবর পেয়ে সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির লাশ তড়িঘড়ি করে দাফনের জন্য কাফনের কাপড়ও এনেছিলেন গৃহকর্তা। তবে হাসপাতালের চিকিত্সকদের তত্পরতায় তিনি পুলিশের হাতে ধরা পড়ে যান।সেন্ট্রাল হাসপাতাল থেকে দেওয়া সুলতানার মৃত্যু সনদপত্রে উল্লেখ করা হয়েছে, মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার জনন অঙ্গেও ক্ষত ও রক্তপাতের চিহ্ন রয়েছে।শিশুটির সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, শিশুটির মাথার পেছনে জখম রয়েছে। কপালের বাঁ পাশে ফোলা ছিল। এ ছাড়া শিশুটির কনুইয়েও আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন এবং জনন অঙ্গে রক্তাক্ত ক্ষত দেখে মনে হয়, এসব কারণেই তার মৃত্যু হয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে বলেও সন্দেহ হয়, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রয়োজন।শিশুটির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৈরতলায়। তার বাবার নাম ত্রিতন মিয়া।পুলিশ জানায়, রাজধানীর ২৯ উত্তর মুগদাপাড়ার ছয়তলা ভবনের চারতলায় থাকতেন গৃহকর্ত্রী ফাহমিদা। তাঁর স্বামী সোহেল সিঙ্গাপুরপ্রবাসী। গত সোমবার তিনি দেশে ফেরেন।তবে সোহেল ও ফাহমিদা শিশুটিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। সবুজবাগ থানায় আটক সোহেল প্রথম আলোকে জানান, তাঁরা বাইরে গেলে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হতো সুলতানাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা দুজনই দরজায় তালা দিয়ে ব্যাংকে যান। বিকেলে ফিরে দেখেন, সুলতানা অসুস্থ, গোঙাচ্ছে। সোহেল দাবি করেন, মেয়েটির ‘অসুস্থ’ হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।ফাহমিদার দাবি, শিশুটি আগে যে বাসায় ছিল, সে বাসায় তাকে নির্যাতন করা হয়ে থাকতে পারে। তিনি জানান, গত চার মাস আগে এক আত্মীয়ের মাধ্যমে তাঁদের বাড়িতে নিযুক্ত হয় সুলতানা।খিলগাঁও থানার অপারেশনস কর্মকর্তা মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল-ফাহমিদা দম্পতি শিশুটিকে হত্যা বা মারধরের কথা স্বীকার করেননি। শিশুটির মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলেই মামলা হবে।