আট বাংলাদেশির শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে শিরশ্ছেদের মাধ্যমে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত শুক্রবার আসরের নামাজের পর স্থানীয় আইন অনুযায়ী রিয়াদের আল হাকাম প্যালেসের কাছে জাস্টিস স্কয়ারে জনসমক্ষে তাঁদের শিরশ্ছেদ করা হয়।২০০৭ সালের এপ্রিলে এক সশস্ত্র ডাকাতি এবং এ সময় এক মিসরীয় নিরাপত্তাকর্মীকে হত্যার দায়ে তাঁদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাঁরা হলেন—সুমন মিয়া, মো. সুমন, মামুন, শফিকুল ইসলাম, ফারুক, আবুল হোসেন, মতিয়ার রহমান ও মাসুদ। যোগাযোগ করা হলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এস এম হারুন-অর-রশীদ এক ই-মেইল বার্তায় প্রথম আলোকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পরিচয়সহ ঘটনার বিস্তারিত তথ্য দিয়েছেন। এ ঘটনায় অপর তিন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সৌদি আইন অনুযায়ী এজাতীয় মৃত্যুদণ্ডের ক্ষেত্রে মরদেহ ফেরত দেওয়া হয় না।সুমন মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কামারপুর গ্রামে। তাঁর বাবার নাম মিলন মিয়া। মো. সুমন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পূর্বশুভা গ্রামের আবদুল হাইয়ের ছেলে। মাসুদের বাড়িও পূর্বশুভা গ্রামে। তাঁর বাবার নাম শামসুল হক। মামুনের বাড়ি টাঙ্গাইলের আবদুল্লাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল মান্নান সরকার। শফিকুল ইসলাম টাঙ্গাইলের সখীপুর উপজেলার ভাতকুরার চালা গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে।ফারুকের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পইয়াকান্দি গ্রামে। তাঁর বাবার নাম জামাল উদ্দিন। আবুল হোসেনের বাড়ি ফরিদপুরে। তাঁর বাবার নাম আহম্মদ বিশ্বাস। তবে তাঁর পুরো তথ্য পাওয়া যায়নি। আর মতিয়ার রহমানের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার কৃষ্ণনগর গ্রামে। তাঁর বাবার নাম শাহিদ খান।বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ পাওয়া বাংলাদেশিরা হলেন আবদুস সালাম, মাসুদ রানা ও আলমগীর। তাঁদের কারও পুরো ঠিকানা পাওয়া যায়নি।সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তিরা একটি বৈদ্যুতিক গুদামঘরে ডাকাতি করছিলেন। তাঁরা সেখানেই শ্রমিক হিসেবে কাজ করতেন। ডাকাতির সময় সংঘর্ষে মিসরীয় নিরাপত্তাকর্মী সাঈদ মোহাম্মদ আবদুল খালেক নিহত হন।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শিরশ্ছেদের ঘটনায় নিন্দা জানিয়েছে। তারা বলছে, চলতি বছর দেশটিতে ৪০ জনেরও বেশি ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১০ জনই বিদেশি নাগরিক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, সৌদি আরবে বিচার ও দণ্ডদানের প্রক্রিয়া আন্তর্জাতিক মান অনুসরণ করে হয় না। বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রও এ ঘটনার নিন্দা জানিয়েছে। সংগঠনের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বিবিসিকে বলেন, আইন মানুষের কল্যাণের জন্য। যেখানে মানুষকে শোধরানোর জন্য সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়, সেখানে সৌদি আইন যদি এমন শাস্তি দেয়, তাহলে প্রশ্ন ওঠে।বাংলাদেশ দূতাবাসের বক্তব্য: কাউন্সেলর (শ্রম) এস এম হারুন-অর-রশীদ ই-মেইল বার্তায় জানান, সৌদি কর্তৃপক্ষ কোনো বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের আগে সংশ্লিষ্ট দূতাবাসকে অবহিত করে না। দণ্ড কার্যকর এবং মৃতদেহ স্থানীয়ভাবে দাফনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দণ্ড কার্যকর ও গৃহীত ব্যবস্থা সংশ্লিষ্ট দূতাবাসকে অবহিত করা হয়।হারুন-অর-রশীদ আরও জানান, তিনি নিজে আল হায়ের জেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুমন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। গত সপ্তাহ পর্যন্ত দূতাবাসের কর্মকর্তা ও আইন সহকারীরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় অসংখ্যবার আসামিদের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ করেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মামলার রায়ের কপিও সংগ্রহ করা হয়। আপিল আদালতে দূতাবাসের পক্ষ থেকে আসামিদের সম্ভাব্য সব ধরনের আইনি সহায়তা দেওয়া হয়।মৃত্যুদণ্ড মওকুফে রাষ্ট্রপতির চিঠি: ই-মেইল বার্তায় বলা হয়, শরিয়াহ আইন অনুযায়ী হত্যার শাস্তি মৃত্যুদণ্ড। কেবল নিহত ব্যক্তির পরিবার এ দণ্ড ক্ষমা করতে পারে। রিয়াদের মিসরীয় দূতাবাসের মাধ্যমে নিহত হাসান আল সাইদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার জন্য অনুরোধ জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াদের মিসরীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলে মিসরের রাষ্ট্রদূত জানান, নিহত হাসান আল সাইদ মিসরের প্রত্যন্ত জনপদ শারকাইয়া এলাকার অধিবাসী। এই এলাকার অধিবাসীরা সাধারণভাবে হত্যার বদলে হত্যার নীতি একনিষ্ঠভাবে বিশ্বাস করে।এস এম হারুন-অর-রশীদ ই-মেইল বার্তায় আরও বলেন, পরবর্তী সময়ে মিসরীয় দূতাবাসের কর্মকর্তারা জানান, নিহতের পরিবার কোনোভাবেই হত্যাকারীদের ক্ষমা করতে রাজি নয়। ‘ব্লাড মানি’ দিয়ে দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার জন্য মিসরীয় দূতাবাসের মাধ্যমে প্রস্তাব দেওয়া হলেও নিহতের পরিবার প্রস্তাব গ্রহণ করেনি।এ সময় দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার জন্য সৌদি আরবের বাদশাহর কাছে একটি পত্র দেন। এ নিয়ে সৌদি কর্তৃপক্ষ অনানুষ্ঠানিকভাবে জানায় যে, হত্যাকাণ্ডের জন্য দণ্ডপ্রাপ্তদের ক্ষমা প্রদানের এখতিয়ার রয়েছে কেবল নিহতের পরিবারের।স্বজনদের কান্না: আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, কালিহাতীর মাসুদ আট বছর আগে সৌদি আরবে যান। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মাসুদ দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড়। গতকাল মাসুদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বাবা শামছুল হক ও মা রোকেয়া বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। মাসুদের চাচা আবদুস সামাদ বলেন, ‘সর্বশেষ গত পরশু মাসুদ তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেছে। তখন সে বলেছে, “আমার জন্য দোয়া কোরো। তোমরা ভালো থেকো।” এরপর মাসুদের শিরশ্ছেদের খবর এল।’টাঙ্গাইল সদর উপজেলার আবদুল্লাহপাড়া গ্রামের মামুনও আট বছর আগে সৌদি আরবে যান। শিরশ্ছেদের খবর পেয়েই তাঁর মা ও ভাই অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান সুমন বলেন, ‘সর্বশেষ গত মঙ্গলবার বাড়ির লোকজনের সঙ্গে মুঠোফোনে মামুনের কথা হয়েছে শুনেছি। এতে সে নিজেকে নির্দোষ দাবি করেছে।’সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, সখীপুরের ভাতকুরার চালা গ্রামের শফিকুল ইসলাম তিন ভাই দুই বোনের মধ্যে চতুর্থ। ২০০৫ সালে তিনি সৌদি আরবে যান। গত শুক্রবার তাঁর শিরশ্ছেদের খবর আসার পর থেকে শফিকুলের বাড়িতে চলছে মাতম।ফরিদপুর অফিস জানায়, ফরিদপুর সদরের মতিয়ার রহমান ২০০৪ সালে সৌদি আরবে যান। মতিয়ারের খালাতো ভাই মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, তিন বছর ধরে মতিয়ার কারাগারেই ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর মা সুফিয়া বেগমের সঙ্গে শেষ কথা হয়। এ সময় মতিয়ার তাঁর মাকে একটি খাসি কিনে মাংস গরিবদের মধ্যে বিলি করতে বলেন।মতিয়ার গত বৃহস্পতিবার শেষবারের মতো কথা বলেন ছোট ভাই দ্বীন ইসলামের সঙ্গে। ভাইকে তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমার মাথা ন্যাড়া করে দিয়েছে, জানি না কী হতে যাচ্ছে।’