ঢাকার নাখালপাড়ায় হেলে পড়া চারতলা বাড়ি এবং তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার সাততলা ভবনসহ আশপাশের আটটি ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে এসব বাড়ির মালিকদের এ সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানানো হয়েছে। নাখালপাড়ায় হেলে পড়া বাড়ির মালিক গতকাল বিকেলেই চিঠি পেয়েছেন। আর বেগুনবাড়িতে মালিক নিজেই গতকাল দুপুর থেকে ভবন ভাঙার কাজ শুরু করেছেন। রাজধানীতে একাধিক ভবন হেলে পড়া, পুরান ঢাকার নিমতলী এলাকার অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় আইলা-পরবর্তী পুনর্বাসনের সর্বশেষ অগ্রগতি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতির পর্যালোচনার জন্য ‘আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির’ জরুরি সভা হয় গতকাল রোববার। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় ২৪ জন সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, ভেঙে ফেলার সিদ্ধান্ত হওয়া আটটি বাড়ির মধ্যে বাকি ছয়টিই বেগুনবাড়ির হেলে পড়া ভবনের আশপাশের। এর মধ্যে তিনটি টিনের তিন তলা বাড়ি। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানীর ঝুঁকিপূর্ণ সব ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এসব বাড়ির মালিকদের চিঠি দেওয়া হবে। মালিকেরা সাড়া না দিলে অথবা অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সরকার তা ভেঙে ফেলবে। জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘যে বাড়িগুলো বেশি ঝুঁকিপূর্ণ, যেগুলো ধসে পড়লে প্রাণহানি হতে পারে, সেগুলো প্রথমে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। পরে অননুমোদিত বাড়িগুলো চিহ্নিত করে ভাঙা হবে।’ তিনি বলেন, ‘আমরা নাখালপাড়া ও বেগুনবাড়ির হেলে পড়া দুই ভবনসহ আশপাশের কয়েকটি বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। বেগুনবাড়িতে অনেক বাড়ি অননুমোদিত।’গণপূর্ত মন্ত্রণালয় সূত্রমতে, নাখালপাড়া ও বেগুনবাড়ির এই দুটি ভবনের অনুমোদন নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে কোনো নকশা পর্যন্ত জমা দেয়নি এই ভবনের মালিকেরা। বেগুনবাড়ি এলাকায় এমন তিন থেকে চার শ অননুমোদিত বাড়ি আছে বলে জানায় রাজউক। এর মধ্যে একেবারেই অনুমোদন না নেওয়ার পাশাপাশি নকশা বদল করে করা স্থাপনাও আছে। পুরো ঢাকায় এ ধরনের বাড়ির সংখ্যা অন্তত পাঁচ হাজার। এসব বাড়ির একটা বড় অংশ এখন ঝুঁকিপূর্ণ। রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, এটা ঠিক, নাখালপাড়া ও বেগুনবাড়ির দুই ভবনের অনুমোদন নেই। বেগুনবাড়িতে খালের ওপর টিনশেডের বেশ কয়েকটি বাড়িসহ অনেক ভবনই ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন। তিনি বলেন, ‘আজ সোমবার বেগুনবাড়ির সাততলা ভবন ও আগামী বুধবার থেকে নাখালপাড়ার ভবন ভাঙার সিদ্ধান্ত হয়েছে।’রাজউকের চেয়ারম্যান জানান, অবৈধ উচ্ছেদ রাজউকের নিয়মিত কাজের মধ্যেই পড়ে। তবে এখন খুবই ঝুঁকিপূর্ণ এমন ভবন চিহ্নিত করতে রাজউকের একজন পরিচালককে প্রধান করে কমিটি করা হয়েছে। এ কমিটির প্রতিবেদনের পর প্রথম পর্বে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হবে। নাখালপাড়ার বাড়িতে চিঠি: ভবনের মালিক আবদুস সোবহান সরকার গতরাতে প্রথম আলোকে জানান, তিনি গতকাল বিকেলে রাজউকের মহাখালী আঞ্চলিক দপ্তর থেকে চিঠি পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ভবনটির অনুমোদন নেই এবং দক্ষিণ দিকে হেলে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিজ খরচে ভবনটি ভেঙে ফেলতে বলা হয়েছে। এর আগে শনিবার ভবনটির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে রাজউক। আবদুস সোবহান দাবি করেন, তাঁর ভবনটি ঝুঁকিপূর্ণ নয়, এটি অক্ষত আছে। তিনি বিষয়টি এলাকার সাংসদকে জানিয়েছেন এবং আজ তাঁরা রাজউকের সঙ্গে বসবেন। বেগুনবাড়ির ভবন ভাঙা শুরু: গতকাল বেলা তিনটায় বাড়িটির মালিক নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিক দিয়ে ভাঙা শুরু করেন। কিন্তু ইট-সুরকি আশপাশের বাড়ি ও রাস্তায় পড়ায় রাজউক ভাঙার কাজ বন্ধ করে দেয়। নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করার পর আজ থেকে আবার ভাঙা শুরু হবে বলে জানান মালিকের লোকজন। পুরো ভবনটি ভাঙতে কমপক্ষে তিন মাস সময় লাগবে বলে জানান তাঁরা। সরেজমিনে দেখা গেছে, ভবনের সাততলার নতুন বানানো অংশ ভাঙা হচ্ছে। বাড়ির মালিক সিরাজ মিঞার ছোট ভাই আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা চট ও টিন কিনেছেন। আজ সকালে তা ভবনের চারপাশে টানিয়ে ভাঙার কাজ করা হবে। কোনো প্রকৌশলীর সহায়তা ও পরামর্শ নেওয়া হচ্ছে কি না—জানতে চাইলে আলমগীর বলেন, এর জন্য বিশেষ ধরনের শ্রমিক আছে। ভাঙার কাজ শেষ হলে রাজউকের অনুমোদন নিয়ে নতুন করে ভবন নির্মাণ করা হবে। বেগুনবাড়ির ওই গলিটির বেশির ভাগ ভবনই হেলে পড়া ভবনটির মতো ঝুঁকিপূর্ণ বলে স্থানীয় লোকজন দাবি করেন। পাকা দেয়ালের ওপর টিনের তৈরি দোতলা ভবনই বেশি ওখানে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক বেল্লাল হোসেন বলেন, হেলে পড়া অংশের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্টরা শুনছেন না। আজ দোকান বন্ধের উদ্যোগ নেওয়া হবে। তিনটি টাস্কফোর্স: অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে জেলা প্রশাসক, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) প্রতিনিধি থাকবেন।আরেকটি টাস্কফোর্স করা হবে ঢাকা শহরের বিভিন্ন অনুমোদনহীন গুদাম চিহ্নিত করতে, বিভিন্ন রাসায়নিক কারখানায় কী ধরনের রাসায়নিক পদার্থ রাখা হয় এবং এগুলোর কারণে কী ধরনের ক্ষতি হতে পারে, তা নিরূপণ করার জন্য। এ ছাড়া নিমতলী বা বেগুনবাড়ির মতো ঘটনা ঘটে যাওয়ার পর তা সামাল দিতে জেলা প্রশাসককে প্রধান করে আরেকটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেট দেওয়া। বৈঠকে বাড়ি ভাঙার যে সিদ্ধান্ত হয়েছে, সে ব্যাপারে নোটিশ পেলেই আমরা কাজ শুরু করব।’ জেলা প্রশাসক বলেন, বেগুনবাড়িতে তিন থেকে চার শ বাড়ি আছে যেগুলোর অনুমোদন নেই এবং ঝুঁকিপূর্ণ। পর্যায়ক্রমে সেসব বাড়ি ভেঙে ফেলা হবে। বৈঠকের সিদ্ধান্ত: দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির বৈঠকে সব জেলা শহরের হাসপাতালে বার্ন ইউনিট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিউনিটি পর্যায়ে ভূমিকম্প প্রতিরোধ ও অগ্নিনির্বাপণের বিষয়ে প্রশিক্ষণ, ঢাকা শহরে প্রতিটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হলে বাইরে দমকল বাহিনীর একটি গাড়ি প্রস্তুত রাখা, হাসপাতালগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনার যন্ত্রপাতি রাখা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সচিবালয়ে ভূমিকম্প প্রতিরোধব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। রাস্তার মোড়ে পানির আধার!: রাজধানীর রাস্তার মোড়ে ও কয়েকটি বিশেষ এলাকায় পানির আধার (ওয়াটার রিজার্ভার) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আধারের সঙ্গে ওয়াসার পানির লাইনের সরাসরি সংযোগ থাকবে। জানতে চাইলে বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শাহিদউল্লাহ প্রথম আলোকে বলেন, এর ফলে আগুন লাগার পর যে পরিমাণ পানির দরকার হবে, তা সহজেই সরবরাহ করা যাবে। বহুতল ভবন: ১৫ তলার নকশা অনুমোদন করিয়ে ২০ থেকে ২২ তলা করা ভবনগুলো চিহ্নিত করার জন্যও টাস্কফোর্সকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রথম আলোকে বলেন, সরকার ঝুঁকিপূর্ণ সব ভবন ভেঙে ফেলার পাশাপাশি ভবন মালিকদের আইন মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছে। তিনি বলেন, ‘অবৈধ বা ঝুঁকিপূর্ণ ভবনের মালিক যত প্রভাবশালীই হোক আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব।’