আট ব্যাংকের মূলধন ঘাটতি সাত হাজার ১৪৯ কোটি টাকা: অর্থমন্ত্রী
বিপুল পরিমাণ মূলধন ও প্রভিশন (বিশেষ তহবিল) ঘাটতি নিয়ে চলছে রাষ্ট্রের নয়টি ব্যাংক। এর মধ্যে আটটি ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ সাত হাজার ১৪৯ কোটি ৫৬ লাখ টাকা। পাঁচটি ব্যাংকের বিশেষ তহবিল ঘাটতির পরিমাণ দুই হাজার ১২০ কোটি ৩৪ লাখ টাকা।আজ মঙ্গলবার সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি ৩৭৮ কোটি ৬৮ লাখ টাকা, বিশেষ তহবিল ঘাটতি এক হাজার ১৭ কোটি ৭৭ লাখ টাকা। রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি ৭৩ কোটি ৭৪ লাখ টাকা। এই ব্যাংকের বিশেষ তহবিলে ঘাটতি নেই। বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি চার হাজার ৫১৮ কোটি ৩৬ লাখ টাকা। বিশেষ তহবিল ঘাটতি ৯৮৫ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি ৫১৮ কোটি ৬১ লাখ টাকা, তবে বিশেষ তহবিলে ঘাটতি নেই। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মূলধন ঘাটতি নিয়ে কার্যক্রম চালাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক। তাদের মূলধন ঘাটতি এক হাজার ২৮০ কোটি ৫৫ লাখ টাকা, বিশেষ তহবিল ঘাটতি রয়েছে ৫২ কোটি ৫৪ লাখ টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংকের মূলধন ঘাটতি ২০৮ কোটি ১৬ লাখ টাকা, বিশেষ তহবিল ঘাটতি ৬৪ কোটি ৪৯ লাখ টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি ১৩৯ কোটি ৩৬ লাখ টাকা, ব্যাংকটির বিশেষ তহবিলে কোনো ঘাটতি নেই। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মূলধন ঘাটতি ৩২ কোটি ১০ লাখ টাকা, বিশেষ তহবিলে ঘাটতি নেই। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মূলধন ঘাটতি নেই। তবে বিশেষ তহবিলে ৫৪ লাখ টাকা প্রভিশন ঘাটতি রয়েছে। মুহিত আরও জানান, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ঘাটতি চিহ্নিত করে তা পূরণের জন্য সরকারের কাছে আবেদনের কথা বলা হয়েছে। অন্যদিকে বিশেষায়িত ব্যাংকের ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম পর্যালোচনাধীন। এ ছাড়া বেসরকারি পাঁচটি ব্যাংকের মূলধন ঘাটতি সমন্বয়ের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।পদ্মায় আবারও ফিরে আসার সিদ্ধান্ত বিশ্বব্যাংকের মুজিবুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে আবার ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। তবে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গঠিত পর্ষদের মতামতের পর বিশ্বব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইউনিপেটু-এর বিরুদ্ধে দুদকের মামলাফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ইউনিপেটু নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে রাখা টাকা জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা সাপেক্ষে টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যুবক প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জমা করা অর্থের পরিমাণ সুনির্দিষ্টকরণ, অর্থ পরিশোধে পদ্ধতি নির্ধারণ এবং পরিশোধের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের গঠিত কমিশন কাজ করছে।বৈদেশিক কল থেকে আয় কমেছেশহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন জানান, গত দুই বছরে বৈদেশিক কল থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয় কমে গেছে। প্রতিষ্ঠানটি ২০১২ সালে বৈদেশিক কল থেকে আয় করেছে এক হাজার ১০৩ কোটি টাকা। এর আগের দুই বছরে একই কল থেকে আয় হয়েছিল তিন হাজার ২০৮ কোটি টাকা।বিএনপির অনুপস্থিত সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী জানান, বেসরকারি মোবাইল কোম্পানিগুলোকে থ্রি-জি লাইসেন্স দেওয়ার লাইসেন্সিং গাইডলাইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে মুঠোফোন অপারেটরদের কাছ থেকে রাজস্ব আদায়ের পরিমাণ দুই হাজার ৭৯৫ কোটি ২১ লাখ টাকা।