বিপুল পরিমাণ মূলধন ও প্রভিশন (বিশেষ তহবিল) ঘাটতি নিয়ে নয়টি ব্যাংক চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, এর মধ্যে আটটি ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ সাত হাজার ১৪৯ কোটি ৫৬ লাখ টাকা। পাঁচটি ব্যাংকের বিশেষ তহবিল ঘাটতির পরিমাণ দুই হাজার ১২০ কোটি ৩৪ লাখ টাকা।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এই তথ্য দেন অর্থমন্ত্রী। বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। অর্থমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না।সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি ৩৭৮ কোটি ৬৮ লাখ টাকা, বিশেষ তহবিল ঘাটতি এক হাজার ১৭ কোটি ৭৭ লাখ টাকা। রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি ৭৩ কোটি ৭৪ লাখ টাকা, তবে বিশেষ তহবিলে ঘাটতি নেই। বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি চার হাজার ৫১৮ কোটি ৩৬ লাখ টাকা, বিশেষ তহবিল ঘাটতি ৯৮৫ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি ৫১৮ কোটি ৬১ লাখ টাকা, তবে বিশেষ তহবিলে ঘাটতি নেই।অর্থমন্ত্রী জানান, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মূলধন ঘাটতি নিয়ে কার্যক্রম চালাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক। এর মূলধন ঘাটতি এক হাজার ২৮০ কোটি ৫৫ লাখ টাকা, বিশেষ তহবিল ঘাটতি ৫২ কোটি ৫৪ লাখ টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংকের মূলধন ঘাটতি ২০৮ কোটি ১৬ লাখ টাকা, বিশেষ তহবিল ঘাটতি ৬৪ কোটি ৪৯ লাখ টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি ১৩৯ কোটি ৩৬ লাখ টাকা, বিশেষ তহবিলে ঘাটতি নেই। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মূলধন ঘাটতি ৩২ কোটি ১০ লাখ টাকা, বিশেষ তহবিলে ঘাটতি নেই। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মূলধন ঘাটতি নেই, তবে বিশেষ তহবিলে ৫৪ লাখ টাকা ঘাটতি রয়েছে।মুহিত আরও জানান, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ঘাটতি চিহ্নিত করে তা পূরণের জন্য সরকারের কাছে আবেদনের কথা বলা হয়েছে। অন্যদিকে বিশেষায়িত ব্যাংকের ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম পর্যালোচনাধীন। বেসরকারি যে পাঁচটি ব্যাংক রয়েছে, তাদের মূলধন ঘাটতি সমন্বয়ের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে আবার ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গঠিত পর্ষদের মতামতের পর বিশ্বব্যাংক এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে দিনের কার্যসূচির শেষ পর্যায়ে অর্থমন্ত্রীর পক্ষে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, এই প্রশ্ন ২৮ জানুয়ারির জন্য নির্ধারিত ছিল। ভুলবশত গতকালের কার্যসূচিতে অন্তর্ভুক্ত হয়, যা কার্যত প্রযোজ্য নয়। তিনি প্রশ্ন ও উত্তরটি প্রত্যাহারের অনুরোধ জানালে সভাপতির আসনে থাকা প্যানেল স্পিকার ফজলে রাব্বী মিয়া তা প্রত্যাহার করেন।ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ইউনিপেটু নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে রাখা টাকা জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা সাপেক্ষে টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যুবক-এর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জমা করা অর্থের পরিমাণ সুনির্দিষ্টকরণ, অর্থ পরিশোধে পদ্ধতি নির্ধারণ এবং পরিশোধের ব্যবস্থা নিতে সরকারের গঠিত কমিশন কাজ করছে।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন জানান, গত দুই বছরে বৈদেশিক কল থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয় কমেছে। প্রতিষ্ঠানটি ২০১২ সালে বৈদেশিক কল থেকে আয় করেছে এক হাজার ১০৩ কোটি টাকা। এর আগের দুই বছরে একই কল থেকে আয় হয়েছিল তিন হাজার ২০৮ কোটি টাকা। বিএনপির অনুপস্থিত সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারি মোবাইল কোম্পানিগুলোকে থ্রি-জি লাইসেন্স দেওয়ার লাইসেন্সিং গাইডলাইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে রাজস্ব আদায়ের পরিমাণ দুই হাজার ৭৯৫ কোটি ২১ লাখ টাকা।