আট মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. হারুন উর-রশিদ হত্যা মামলার প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসার আহমদকে (২৮) ঘটনার আট মাস পর গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার র‍্যাব-৯-এর সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রাম থেকে কাওসারকে গ্রেপ্তার করেন। ব্রিটিশ পাসপোর্টধারী কাওসারের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রাউলি গ্রামে।কাওসারকে আটক করার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৯-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন সুমন বড়ুয়া জানান, হত্যাকাণ্ডের প্রায় আট মাস পর কাওসারকে আটক করতে পেরেছে র‍্যাব। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।গত ২১ মার্চ কলেজ থেকে বাসায় যাওয়ার পথে সিলেট নগরের গৌড়গোবিন্দ টিলার পাশে শিক্ষক মো. হারুন উর-রশিদ খুন হন। এ ঘটনায় তাঁর শ্যালক আল-আজিজ চৌধুরী সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। গত ২৮ মার্চ রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রী এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার আলীগঞ্জ বাজারের রাসেল আহমদ (৩০), সিলেট নগরের জালালাবাদ আবাসিক এলাকার আলীমুল ইসলাম (২৪) ও দরগাগেট এলাকার হোটেল আজমিরের ব্যবস্থাপক মো. লোকমান মিয়াকে (২৫) আটক করেন পুলিশ ও র‍্যাবের সদস্যরা। পরে তাঁরা রিমান্ডে হত্যাকাণ্ডের মূল হোতা কাওসারের নাম প্রকাশ করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর ভিত্তিতে মামলায় প্রধান আসামি হিসেবে কাওসারকে অন্তর্ভুক্ত করা হয়।কলেজে সমাবেশ: সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. হারুন উর-রশিদ হত্যার প্রধান আসামি কাওসার র‍্যাবের হাতে ধরা পড়ায় গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে তাৎক্ষণিক সমাবেশ করেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। সমাবেশে আসামি কাওসার গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি খুনিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তৃতা দেন বক্তারা।কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিলেট এমসি কলেজের পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক আবুল আনাস মো. রিয়াজ, সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ দেবনাথ প্রমুখ।