আট মাস পর মুক্তি পেলেন দুই বাংলাদেশি নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সাড়ে সাত মাস কেটেছে জায়নামাজে, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছি, আল্লাহ যেন আমার ছেলেকে ফিরিয়ে দেন। আমি আমার ছেলেকে ফিরে পেলে সব দুঃখের কথা বলব, তার আগে নয়।’ জার্মানির পতাকাবাহী অয়েল ট্যাংকার এমটি মেরিডা মারগুয়েরাইটারের প্রধান কর্মকর্তা জাফর ইকবালের মা ফরিদা টুন্নু চৌধুরী জলদস্যুদের কবল থেকে ছেলের মুক্তির খবর শুনে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন।গতকাল বুধবার চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকায় জাফর ইকবালের বাসায় গিয়ে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। স্বজনেরা খোঁজ নিতে এসেছেন। চোখ মুছতে মুছতে ফরিদা টুন্নু বলেন, ‘ছেলে জলদস্যুদের কবলে পড়ার পর অনেকবার কথা বলেছিল আমাদের সঙ্গে। তখন শুধু তাকে উদ্ধারের আকুতি জানাত। শেষ কথা হয়েছিল ঈদুল আজহার আগে। ছেলে জিম্মি, তাই ঈদ করতে পারিনি।’ এমটি মেরিডার বাংলাদেশি এজেন্ট মেরিন এজেন্সি জানায়, গত ৮ মে জাহাজটি ভারতের মুম্বাই থেকে বেলজিয়ামে যাওয়ার পথে এডেন উপসাগরে জলদস্যুদের কবলে পড়ে। ৫৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা) মুক্তিপণ দিয়ে জাহাজ এবং এর ২২ জন ক্রু মুক্তি পেয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পাওয়া গেছে। বাকি ২০ জন ক্রুর মধ্যে ১৯ জন ভারতীয় এবং একজন ইউক্রেনের।জাহাজের এজেন্ট জানায়, গত মঙ্গলবার সকালে জাহাজটি ওমানের সালালা বন্দরের উদ্দেশে যাত্রা করে। সালালা বন্দরে নতুন ২২ জন ক্রু যোগ দিলে পুরোনোরা নেমে যাবেন।বাংলাদেশি অন্য নাবিক হলেন এমটি মেরিডার দ্বিতীয় প্রকৌশলী গিয়াস উদ্দিন আজম খান। গতকাল বিকেলে মেহেদীবাগের সিডিএ আবাসিক কলোনিতে তাঁর বাসায় গিয়ে দেখা যায়, সেখানে যেন ঈদের আনন্দ বয়ে যাচ্ছে। স্বজনদের কেউ মুঠোফোন আবার কেউ নিজে এসে খোঁজখবর নিচ্ছে। তাঁর মা শিরিন আকতার আনন্দে কাঁদছেন আর স্বজনদের বলছেন, ‘আমার ছেলে আমার বুকে ফিরে আসছে।’ আবেগাপ্লুত কণ্ঠে গিয়াসের স্ত্রী বিবি ফাতেমা বলেন, মঙ্গলবার বেলা তিনটার দিকে হঠাৎ গিয়াস আমাকে ফোনে জানান, ‘জলদস্যুরা তাঁদের জাহাজ থেকে নেমে গেছে। তাঁরা এখন মুক্ত। তাঁর কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না।’ তিনি বলেন, ‘রাত ১১টার দিকে দ্বিতীয় দফা ফোন পেয়ে আমরা আশ্বস্ত হই। আসলে ওঁরা মুক্ত হয়েছেন। আমার শাশুড়ি ছেলের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছিলেন। ছেলের মুক্তির খবরে তিনি এখন আনন্দে কাঁদছেন।’গিয়াসের বাবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক আবুল বাশার জানান, ‘মঙ্গলবার দুপুরে ও রাতে ফোন করে গিয়াস তাঁর মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেছিল। কথা শুনে তাঁকে কিছুটা দুর্বল মনে হচ্ছিল।’মেরিন এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ইমতিয়াজ বলেন, ‘জিম্মিদের উদ্ধারে ইতিবাচক কোনো খবর পেলেই তাঁদের পরিবারকে জানিয়েছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। জাফর আর গিয়াস মুক্তি পেয়েছেন, তাতেই আমরা খুশি।’