আট মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছে বিদ্রোহীরা। চূড়ান্ত বিজয়ের ঘোষণা না দিলেও গতকাল বুধবার নির্বাচন অনুষ্ঠানের এই সময়সীমার কথা জানানো হয়। এ ছাড়া গাদ্দাফিকে আটক করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হস্তান্তরের আগে লিবিয়ায় বিচার করার ঘোষণা দেওয়া হয়।রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ লিবিয়ার দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। জার্মানি যুদ্ধবিধ্বস্ত লিবিয়া পুনর্গঠনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাজ্য লিবিয়ার জব্দ করা এক হাজার ২০০ কোটি পাউন্ডের সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। লিবিয়ার বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধান মুস্তাফা আবদুল জলিল গতকাল অঙ্গীকার করেন, আট মাসের মধ্যে নির্বাচন দেওয়া হবে। তিনি বলেন, ‘আট মাসের মধ্যেই আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে। আমরা একটি গণতান্ত্রিক সরকার ও সংবিধান চাই।’ এনটিসির প্রধান বলেন, ‘আমরা এই বিশ্বে আর একঘরে হয়ে থাকতে চাই না।’ ইতালির লা রিপাবলিকা দৈনিকে মুস্তাফা আবদেল জলিলের এসব বক্তব্য প্রকাশ করা হয়। এনটিসির মুখপাত্র আবদেল হাফিজ ঘোগা বলেন, ‘গাদ্দাফি লিবিয়াতেই আছেন। ত্রিপোলিতে না হলে তিনি লিবিয়ার কেন্দ্রস্থলে বা দক্ষিণের কোনো স্থানে লুকিয়ে আছেন। আমরা তাঁকে গ্রেপ্তার করে আইসিসির কাছে হস্তান্তরের আগে লিবিয়াতেই বিচার করব।’ তিনি আরও বলেন, গাদ্দাফির পক্ষে লিবিয়া ছেড়ে যাওয়া অসম্ভব। এর কোনো সুযোগ নেই।রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ গতকাল বলেন, ‘আমরা চাই লিবীয়রা নিজেদের মধ্যে একটি চুক্তি করুক। এই চুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করতে হবে। লিবিয়ার ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের সমঝোতা চুক্তি করতে হবে।’ এনটিসিকে স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, লিবিয়াকে ঐক্যবদ্ধ করতে পারলে মস্কো বিদ্রোহীদের আনুষ্ঠানিক সরকারকে স্বীকৃতি দিতে পারে। বিদ্রোহীদের সাফল্যের পরও এখনো গাদ্দাফির কিছুটা প্রভাব ও সামরিক শক্তি অটুট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্যের একজন কর্মকর্তা জানান, লিবিয়ার জব্দ করা সম্পদের পুরো কিংবা কিছু অংশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে জাতিসংঘের কাছে প্রস্তাব দেবে যুক্তরাজ্য। এনটিসিকে সহায়তা দিতেই যুক্তরাজ্য এই উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের অবস্থান সব সময় স্পষ্ট। যখন এসব সম্পদ লিবিয়ার জনগণের কাজে লাগবে, তখনই তা ফেরত দেওয়া হবে।’জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্টারভেলে গতকাল বার্লিনে বলেন, ‘লিবিয়ার পুনর্গঠন কাজ করা জরুরি। দেশটির স্থিতিশীলতার জন্যই এটা প্রয়োজন। এসব কাজে জার্মানির অনেক অভিজ্ঞতা রয়েছে। লিবিয়া চাইলে আমরা উপদেশ ও সহায়তা নিয়ে তার পাশে দাঁড়াব।’জার্মানি গত মঙ্গলবার এনটিসিকে ১০ কোটি ইউরো ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্টারভেলে এই ঋণকে ‘মানবিক ও বেসামরিক সহায়তা’ বলে উল্লেখ করেন।বিদ্রোহীরা বলেছে, গাদ্দাফির আমলে বিদেশি কোম্পানির সঙ্গে লিবিয়ার যে চুক্তিগুলো হয়েছে, তার প্রতি সম্মান দেখানো হবে। যুক্তরাজ্যে এনটিসির মুখপাত্র গুমা আল গামাতি বলেন, ‘গাদ্দাফির সময়ের চুক্তিগুলোর প্রতি সম্মান দেখানো হবে। সত্যিকার অর্থে আমরা লিবিয়ায় আর রক্তপাত চাই না। আমরা বিশ্বাস করি, লিবিয়া লিবিয়ার সব মানুষের জন্যই।’ এএফপি ও রয়টার্স।