প্রতিদিন স্কুলভ্যানেই বাড়ি ফিরত ওরা। ভ্যানে ওদের দুষ্টুমি আর খুনসুটি নজর কাড়ত সবার। কিন্তু একটি ট্রাকের চাপায় হঠাৎই থেমে গেল সব খুনসুটি। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছে স্কুলভ্যানের আরোহী আট শিশুশিক্ষার্থী। আহত হন ভ্যানচালকসহ আরও দুই শিক্ষার্থী।হতাহত শিক্ষার্থীরা সবাই নাথেরপেটুয়া মডার্ন একাডেমির শিক্ষার্থী। তাদের বাড়ি উপজেলার হাতিমারা গ্রামে। একসঙ্গে এত শিশুর প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।নিহত শিক্ষার্থীরা হলো নাথেরপেটুয়া মডার্ন একাডেমির প্লে শ্রেণীর ছাত্র হাসিবুল হাসান নিহাদ (৭), একই শ্রেণীর রাকিব হোসেন শুভ (৭), মোক্তাকিম হাসান হূদয় (৭), নার্সারি শ্রেণীর জান্নাতুল মাওয়া শোভা (৭), আতিকুর রহমান আল আমিন (৭), তৃতীয় শ্রেণীর নাসির উদ্দিন (১০) ও ফাহাদুল ইসলাম মিথুন (১০) এবং চতুর্থ শ্রেণীর সুলতান আহমেদ ওরফে স্বাধীন (১০)। আহত হয়েছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী খাদিজা আক্তার (১০) ও প্লে শ্রেণীর ফাহমিদা তাহের তমা (৭) এবং ভ্যানচালক জয়নাল আবেদীন (৫০)। জয়নালের বাড়ি উপজেলার বিনাঘর গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, বেলা দুইটায় নাথেরপেটুয়া মডার্ন একাডেমিতে ছুটি হয়। এরপর স্কুলভ্যানের চালক জয়নাল ১০ শিক্ষার্থীকে নিয়ে হাতিমারা গ্রামে যাচ্ছিলেন। এ সময় নাথেরপেটুয়া রেলস্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা কাগজবোঝাই একটি ট্রাক ওই স্কুলভ্যানকে চাপা দেয়। এতে স্কুলভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি সড়ক থেকে ছিটকে গিয়ে পড়ে পাশের জমিতে। ঘটনাস্থলেই মারা যায় পাঁচ শিক্ষার্থী। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও তিন শিক্ষার্থী। আহত ভ্যানচালক ও দুই শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে স্থানীয় সাংসদ মো. তাজুল ইসলাম এবং কুমিল্লার সহকারী পুলিশ সুপার মোহামঞ্চদ জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে সড়কে যান চলাচল শুরু হয়। কিন্তু এর আগে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পড়তে হয় পরিবহনের যাত্রী ও পথচারীদের।গতকাল সন্ধ্যা সাতটার দিকে হাতিমারা গ্রামে খুদে শিক্ষার্থীদের জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় অভিভাবকেরা কান্নায় ভেঙে পড়েন।জানা গেছে, হাতিমারা গ্রামের আবু তাহের ও হাসিনা আক্তার দম্পতির এক ছেলে ও তিন মেয়ের মধ্যে জমজ সন্তান ছিল নিহাদ ও তমা। দুজনই পড়ত প্লে শ্রেণীতে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় নিহাদ। তমা গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর ছাত্র মিথুনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা বুক চাপড়ে আহাজারি করছেন, ‘সকালবেলায় নিজ হাতে খাইয়ে, জামাকাপড় পরিয়ে আমার মিথুনরে স্কুলভ্যানে তুলে দিয়েছি। তোমরা আমার মিথুনরে আইনা দাও। ও আল্লাহ, তুমি এত নিঠুর হইলা ক্যামনে। ক্যান আমার বুকের মানিকরে কাইড়া নিলা।’ মিথুনের বাবা মাহবুবুল ইসলাম ছেলের শোকে অনেকটা বাকরুদ্ধ।হাতিমারা গ্রামের মনির হোসেন ও লাকি বেগমের দুই ছেলের মধ্যে শুভ বড়। আদরের সন্তানকে হারিয়ে পুরো পরিবার পাগলপ্রায়। একই অবস্থা গ্রামের জহিরুল ইসলাম-সেলিনা বেগম দম্পতির। আদরের শোভাকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার।নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় এতগুলো বাচ্চার প্রাণহানিতে পুরো এলাকাবাসী শোকাহত। অবুঝ শিশুদের হারিয়ে আমরা বাকরুদ্ধ।’মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।