আট সপ্তাহে যুক্তরাজ্যে ৩৩ বাংলাদেশি আটক
গত আট সপ্তাহে যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানকারী ৩৩ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইংল্যান্ড ও নর্থ ওয়েলসের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।ব্রিটিশ হাইকমিশন জানায়, আটক বাংলাদেশিদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে অবস্থান, অনুপ্রবেশ এবং অবৈধভাবে কাজ করার মতো অভিবাসন-সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ সংস্থা, ইউকে বর্ডার এজেন্সি আটক ৩৩ জনকে বাংলাদেশে পাঠাতে কাজ করছে। এর মধ্যে আটকে থাকা ৩১ জনের বহিষ্কারাদেশ এখনো ঝুলে আছে। ইউকে বর্ডার এজেন্সির কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারা যুক্তরাজ্যের মিডলসেক্স, গ্লুসেস্টারশায়ার, ডোরসেট, ওরসেস্টার, ওয়েলস, মার্সিসাইড ও কর্নওয়াল থেকে তাঁদের গ্রেপ্তার করেন। এঁদের বেশির ভাগই বিভিন্ন রেস্তোরাঁয় কাজ করতেন। যুক্তরাজ্যের বর্ডার এজেন্সির এক মুখপাত্র বলেন, ‘আমরা অবৈধভাবে কাজ করাকে সহ্য করতে পারি না। কারণ, এর মাধ্যমে কম বেতনে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে উত্সাহিত করা হয়। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যেসব বিদেশি শ্রমিক যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করছে এবং দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন করছে তাঁদেরকে খুঁজে বের করা, গ্রেপ্তার ও নিজ দেশে ফেরত পাঠানো উচিত।’ ওই মুখপাত্র আরও বলেন, যারা অবৈধ শ্রমিক নিয়োগ দিয়ে প্রতিযোগীদের ক্ষতি করতে চান, তাঁদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানাসহ সম্ভাব্য সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, অবৈধ অভিবাসী ধরতে ইউকে বর্ডার এজেন্সি নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানের মাধ্যমে অবৈধ শ্রমিক রাখার দায়ে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হচ্ছে। এ শাস্তি থেকে বাঁচতে হলে কোনো শ্রমিক নিয়োগ দেওয়ার আগে যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করতে হয় নিয়োগকারীকে।