গ্রামীণফোনকে দেওয়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চিঠির কার্যকারিতার ওপর আট সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩ অক্টোবর পাঠানো ওই চিঠিতে তিন হাজার ৩৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ ও তা ২১ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেয় বিটিআরসি। আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দেশের শীর্ষ মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পক্ষ থেকে গত বুধবার এ আবেদন করা হয়।এর আগে ১৭ অক্টোবর বিটিআরসির রাজস্ব দাবির চিঠির ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি। তবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা না পাওয়ায় প্রতিষ্ঠানটি হাইকোর্টে আপিল আবেদন করে।আদালতে গ্রামীণফোনের পক্ষে আইনজীবী রফিকুল হক, আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী মামলা পরিচালনা করেন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা ই রাকিব ও ইমরানুল কবির।যোগাযোগ করা হলে গ্রামীণের আইনজীবীরা প্রথম আলোকে জানান, নিম্ন আদালতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা না দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। বিটিআরসির চিঠির কার্যকারিতার ওপর আট সপ্তাহের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। ফলে ঠিক এই মুহূর্তে গ্রামীণফোনকে বিটিআরসির দাবি অনুযায়ী তিন হাজার ৩৪ কোটি টাকা দিতে হচ্ছে না।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করা হবে কিনা জানতে চাইলে বিটিআরসির কৌঁসুলি রেজা ই রাকিব বলেন, বিটিআরসির সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুসারে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।প্রসঙ্গত, নিরীক্ষা প্রতিবেদন শেষে চলতি বছরের মার্চ পর্যন্ত গ্রামীণফোন মোট ৩৮ হাজার ৯৪৪ কোটি টাকা আয় করেছে বলে বিটিআরসি দাবি করে। এই হিসাবে দুই হাজার ৫৪৪ কোটি টাকা বিটিআরসির পাওয়ার কথা। কিন্তু গ্রামীণফোন মাত্র এক হাজার ৬২৭ কোটি টাকা পরিশোধ করেছে। এখন বিটিআরসির দাবি, বাকি পাওনা টাকা সুদসহ মোট তিন হাজার ৩৪ কোটি টাকা গ্রামীণফোনকে পরিশোধ করতে হবে।অন্যদিকে বিটিআরসির আর্থিক নিরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামীণফোন। দেশের শীর্ষ মুঠোফোন কোম্পানিটির দাবি, নিরীক্ষক প্রতিষ্ঠান জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো নিয়মনীতি অনুসরণ না করে এবং জিপির সঙ্গে আলোচনা ছাড়াই এই নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ফাঁকি দেওয়া মোট অর্থের সঙ্গে শতকরা ১৫ ভাগ চক্রবৃদ্ধি হারে সুদ হিসেবে জিপিকে পাওনা পরিশোধ করতে হবে। সেটা অবশ্যই দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের আগেই।’ তিনি অভিযোগ করেন, জিপি অনেক তথ্য গোপন করেছে। নিরীক্ষায় অতিরিক্ত এক কোটির বেশি গ্রাহকের সন্ধান পাওয়া গেছে, যা আগে বিটিআরসিকে জিপি জানায়নি। তিনি বলেন, ‘নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগের আগে সরকারের আয় ছিল মাসে ৩০-৩১ কোটি। কিন্তু গত এপ্রিল থেকে জিপি ও বাংলালিংকের নিরীক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরে এই আয় ৮০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।’ নিরীক্ষা প্রতিবেদন বাতিলের কোনো সুযোগ নেই জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, ‘উপযুক্ত নথিপত্র আমাদের হাতে রয়েছে।’ তিনি আরও বলেন,‘ গ্রামীণফোন যদি প্রমাণ করতে পারে, তাদের কাছে অতিরিক্ত অর্থ চাওয়া হয়েছে, তাহলে সেই অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে না। প্রয়োজনে তারা বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনায় বসতে পারে। আমাদের দুয়ার সব সময় খোলা।’