আট হজ এজেন্সির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজের নামে সৌদি আরবে মানবপাচার, প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের কারণে আটটি হজ এজেন্সির বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। একই সঙ্গে এসব হজ এজেন্সির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে ২০১০ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। এ সময় ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী বলেন, হজে পাঠানো লোক ফেরত না আসার কারণে এরই মধ্যে ১৩টি এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া চারটি এজেন্সির লাইসেন্স বিভিন্ন মেয়াদের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও ২২৮টি এজেন্সির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের তদন্ত চলছে, যা আগামী সপ্তাহে শেষ হবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বছর ৩১৩টি হজ এজেন্সি প্রায় ৯১ হাজার হজযাত্রী পাঠিয়েছে। কিন্তু এর মধ্যে এক হাজার ৭৩৮ জন হজযাত্রী ফেরত আসেননি। পাঠানো হজযাত্রীর মধ্যে ২ শতাংশের বেশি লোক ফেরত না এলে, তা মানবপাচার হিসেবে গণ্য হবে। হজের নামে কাউকে জনশক্তি ব্যবসা করতে দেওয়া হবে না।যেসব এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলো হলো হাই লিংকস ট্রাভেলস ইন্টারন্যাশনাল, যোগাযোগ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আবাবিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইনসাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মিনি ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস, আল ফাতিহা ট্রাভেলস, এসএইচ ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও আল আমানত ট্রাভেলস।এগুলোর মধ্যে প্রথম ছয় প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা করে এবং বাকি দুই প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া রাব্বানী ওভারসিজের লাইসেন্স তিন বছরের জন্য স্থগিত ও ১০ লাখ টাকা জরিমানা, পাটওয়ারী ট্রাভেলসের লাইসেন্স দুই বছরের জন্য স্থগিত, খাজা এয়ার ট্রাভেলসের লাইসেন্স দুই বছরের জন্য স্থগিত এবং গ্যালাক্সি ট্রাভেলস ইন্টারন্যাশনালের লাইসেন্স দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া চারটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৩৬৩ জন হাজি হজে গিয়ে ছয়জন ফিরে না আসায় সাদ এয়ার ইন্টারন্যাশনালকে সতর্ক করা হয়েছে।