বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) হিমাগারে সংরক্ষিত আট হাজার প্রজাতির ধান ঝুঁকির মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির জেনেটিক রিসোর্সেস সেন্টারের (জিআরএস) হিমাগারের চারটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র প্রায় ২০ দিন অকেজো থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২৩ মে দুটি যন্ত্র মেরামত করা হলেও বাকি দুটি গতকাল বুধবার পর্যন্ত অকেজো ছিল।শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র এত দীর্ঘ সময় অকেজো থাকার ফলে দেশের ধানের প্রজাতিগুলোর এই গুরুত্বপূর্ণ নমুনার কার্যকারিতা কমে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ধানের জাতগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হছে।জিআরএসের প্রধান ড. মোহাম্মদ খালেকুজ্জামান গত ৩ মে প্রতিষ্ঠানটির মহাপরিচালককে লেখা এক চিঠিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি লেখেন, ‘সংরক্ষণব্যবস্থা জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে জিন ব্যাংকে রক্ষিত প্রায় আট হাজার প্রজাতির ধানের জাত নষ্ট হয়ে যেতে পারে।’ওই চিঠির পর কেটে যায় ২০ দিন। গত ২৩ মে চারটি যন্ত্রের মধ্যে দুটি ঠিক করার ব্যবস্থা করে ব্রি কর্তৃপক্ষ। সর্বশেষ গত বৃহস্পতিবার পর্যন্ত দুটি যন্ত্র অকেজো ছিল।ধান সংরক্ষণ ও গবেষণায় যুক্ত বিজ্ঞানীরা মনে করছেন, বেশ কয়েক দিন প্রয়োজনীয় তাপমাত্রা বজায় না থাকায় ওই আট হাজার প্রজাতির ধানের বীজগুলোর অঙ্কুরোদ্গমের ক্ষমতা কমে যেতে পারে। ১০০ বছর পরেও যাতে ব্যবহার বা গবেষণা করা যায়, সে জন্য ওই জাতের নমুনাগুলো শূন্যের ২০ ডিগ্রি সেলসিয়াস নিচের তাপমাত্রার একটি কক্ষে সংরক্ষিত রাখা হয়েছে।গত বুধবার ব্রির জিন ব্যাংকের দীর্ঘমেয়াদি জাত সংরক্ষণের শীতাতপনিয়ন্ত্রণ (শূন্যের ২০ ডিগ্রি নিচে) কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ধান রাখার বেশির ভাগ তাক ফাঁকা। হাতেগোনা কয়েকটি ধান রাখার পাত্র রয়েছে সেখানে। এখানকার কিছু ধান ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অন্য একটি কক্ষে সরিয়ে রাখা হয়েছে।মধ্য মেয়াদে জাত সংরক্ষণের জন্য ৪ ডিগ্রি তাপমাত্রার ওই কক্ষে আট হাজার জাতের আরেকটি সেট রয়েছে। কক্ষটিতে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি ধানের পাত্র মেঝেতে রাখা হয়েছে।গত ১ মে রাতে ধরা পড়ে, চারটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের সব কটিই নষ্ট। পরদিনই দীর্ঘমেয়াদি সংরক্ষণকক্ষ থেকে জাতগুলো মধ্য মেয়াদে সংরক্ষণকক্ষে নিয়ে আসা হয়।এক মাসের বেশি সময় উপযুক্ত নিয়ন্ত্রিত তাপমাত্রার মধ্যে না থাকার ফলে সংরক্ষিত ওই আট হাজার ধানের জাতের অবস্থা এখন কী, সে সম্পর্কে এখনো নিশ্চিত নন ব্রির বিজ্ঞানীরা।ব্রির সাবেক মহাপরিচালক ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বিজ্ঞানী হামিদ মিঞা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, শূন্যের ২০ ডিগ্রি সেলসিয়াস নিচের তাপমাত্রা থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসার ফলে ওই জাতগুলোর অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে আসতে পারে। দ্রুত এগুলো পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।এ প্রতিবেদক ব্রির মহাপরিচালক সাইদুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন, ‘আপনাদের এ ব্যাপারে এত আগ্রহ কেন? ধানের জাতের কী হলো, তা কেন জানতে চাইছেন?’‘ধানের এই জাতগুলো জাতীয় সম্পদ। তাই গণমাধ্যমের কর্মী হিসেবে এগুলোর কোনো ক্ষতি হলো কি না, জানতে চাইছি’—এ জবাব দিলে মহাপরিচালক বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’জিআরএসের প্রধান মোহাম্মদ খালেকুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েক দিন উপযুক্ত প্রকৌশলীর খোঁজ করে পাননি। এখন একজনকে পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যে এসে তিনি যন্ত্র ঠিক করবেন।অমূল্য সম্পদ: ব্রির বিজ্ঞানীরা জানিয়েছেন, সংরক্ষিত জাতগুলোর সহায়তা নিয়ে তাঁরা এ পর্যন্ত ৫৮টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন। এগুলোর বদৌলতেই কৃষকেরা গত ৪০ বছরে দেশে ধানের উৎপাদন এক কোটি টন থেকে সাড়ে তিন কোটি টনে উন্নীত করেছেন। দেশের ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিকূল পরিবেশ-সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনের জন্য এই সংরক্ষিত জাতগুলোকে মহামূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।সাত মাস ধরে প্রকৌশলী নেই: জিআরএসের তিনটি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের কারিগরি দিক দেখভালের জন্য একজন প্রকৌশলী ছিলেন। গত আগস্টে তিনি অবসরে যাওয়ার পর থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এর পর থেকে কারিগরি বিষয়গুলো দেখার কেউ ছিলেন না। জিআরএসের প্রধান মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘আগস্টের পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার একজন প্রকৌশলী নিয়োগ বা বাইরে থেকে কাউকে দিয়ে তত্ত্বাবধান করানোর মৌখিক তাগিদ দেওয়া হলেও কাজ হয়নি। সংরক্ষণকেন্দ্রের জনবল কাগজে-কলমে ১০ জন হলেও কাজ করছেন মূলত দুজন।’বিশেষজ্ঞের আশ্বাস: এদিকে ব্রির গবেষণা পরিচালক এম শমসের আলী আশ্বস্ত করে প্রথম আলোকে বলেন, ওই আট হাজার জাতের ধানের অঙ্কুরোদ্গমের ক্ষমতা কমে গেলেও বড় ধরনের সমস্যা হবে না। কেননা, মধ্য ও স্বল্প মেয়াদে সংরক্ষণকেন্দ্রেও ওই জাতগুলো সংরক্ষণ করা আছে। সেখান থেকে নিয়ে মাঠে চাষ করে বীজ তৈরি ও সংরক্ষণ করা যাবে।ব্রি সূত্রে জানা যায়, ১৯৯৪ সালেও একবার হিমাগার নষ্ট হওয়ায় সেখানে সংরক্ষিত প্রায় ১০ হাজার জাতের অর্ধেকের মতো নষ্ট হয়ে যায়। তখন অন্য স্থানে রাখা জাতগুলো চাষ করে আবার বীজ সংরক্ষণ করা হয়। তবে ওই সময় কয়েক হাজার জাত চিরতরে বিলুপ্ত হয়ে যায়।