আট হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে, মওদুদের দাবি (ভিডিও )
১২ মার্চের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির অন্তত আট হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তারের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার ফোরামের সভায় তিনি এ দাবি করেন।মওদুদ বলেন, তাঁরা ১২ মার্চ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চান। কিন্তু সরকার তাঁদের বাধার পর বাধা দিচ্ছে। মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি পরিহার করা হবে। তিনি বলেন, সরকার নির্দলীয় সরকারব্যবস্থার অধীনে নির্বাচন পরিচালনার জন্য সংসদে বিল পাসের নিশ্চয়তা দিলে বিএনপি যেকোনো সংলাপে যেতে প্রস্তুত।
খাদ্য উত্পাদন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতার ৪০ বছরে দেশ অনেক এগিয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সব ক্ষেত্রে আরও অনেক উন্নয়ন হতো। রাজনৈতিক অস্থিতিশীলতাকে বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন মওদুদ। তিনি তিস্তার পানি বণ্টন চুক্তি ও টিপাইমুখ বাঁধের মতো জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।