আটক তিন হুজি সদস্য ৩ দিনের রিমান্ডে
সিপিবির সমাবেশে বোমা হামলা মামলার কথিত অভিযোগপত্রভুক্ত তিন আসামি মাওলানা ইদ্রিস আলী (৩২), মাওলানা আবদুল লতিফ ও দুলালকে আজ সোমবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মহানগর হাকিম আদালতে। বিচারক কামরুন নাহার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল র্যাবের এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব গোয়েন্দা শাখা শনিবার রাত ১১টা থেকে গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। তারা দিবাগত রাত সাড়ে ১২টায় কৃষি মার্কেট এলাকা থেকে মাওলানা ইদ্রিসকে গ্রেপ্তার করে। এরপর তাঁর কাছ থেকে তথ্য পেয়ে একই এলাকা থেকে লতিফকে এবং বেড়িবাঁধ এলাকা থেকে দুলালকে গ্রেপ্তার করে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব দাবি করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই স্বীকার করেছেন, তাঁরা সিপিবির বোমা হামলায় জড়িত এবং হুজির সদস্য।