আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগম খুনের ঘটনায় আটক তিনজনকে আজ রোববার গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়। তাঁরা হলেন নুরজাহানের বাড়ির নিচতলার ভাড়াটে সালমা বেগম, রেজাউল করিম ও দারাস মিয়া।শাহ আলী থানা সূত্র জানায়, গতকাল শনিবার সকালে এ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আজ তাঁদের নুরজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের ওই বৃদ্ধার বাসায় যাতায়াত ছিল। তাঁরা এই খুনের বিষয়ে জানতেন বলে সন্দেহ করা হচ্ছে। তাই তাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, নুরজাহান হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। বাসা থেকে বৃদ্ধার অলংকার ও টাকা লুট হলেও এটি ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।শুক্রবার রাতে পুলিশ মিরপুর ১ নম্বর সেকশনের সি ব্লকের ১ নম্বর সড়কের ১৫ নম্বরের পাঁচতলা বাড়ির তৃতীয় তলার নিজ ফ্ল্যাটের বাথরুম থেকে নুরজাহান বেগমের জবাই করা লাশ উদ্ধার করে। ওই বাড়ির মালিক ছিলেন তিনি। তাঁর তিন ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্য ও কানাডা থাকেন, অপরজন চট্টগ্রামে শিপিং কোম্পানিতে কর্মরত। দুই মেয়েরই বিয়ে হয়েছে।