আটক নির্যাতিতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা হেফাজতের নামে সারা দেশে কারাগারে আটক নির্যাতিতদের (ভিকটিম) তালিকা দাখিল করতে কারা মহাপরিদর্শককে (আইজি, প্রিজন) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১২ জুলাইয়ের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ‘রংপুরে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করেছে যুবলীগ নেতা’ শিরোনামে ৪ জুন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে ২২ বছরের এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের কথা বলা হয়। রংপুরের কাউনিয়া উপজেলায় ১৯ মে এ ঘটনা ঘটে। ওই তরুণী পালিয়ে ৩১ মে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই দিন রংপুর মেডিকেল কলেজে তাঁর ডাক্তারি পরীক্ষা হয়। পুলিশ ধর্ষণের শিকার মেয়েটিকে কারাগারে নিরাপদ হেফাজতে রাখার আবেদন করেন। বিচারক তাঁকে কেন্দ্রীয় কারাগারে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল ৮ জুন হাইকোর্টে রিট করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দফা নির্দেশনাসহ রুল জারি করেন। পাশাপাশি ধর্ষণের শিকার ওই তরুণীকে ৮ জুন বিকেলের মধ্যে কারাগার ও পুলিশি হেফাজতের বাইরে নিরাপত্তা হেফাজতে নিতে রংপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেন। রংপুরের মুখ্য বিচারিক হাকিমকে হাইকোর্টে হাজির হয়ে তরুণীকে জেলহাজতে পাঠানোর বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চেয়ারম্যানকে ১০ জুন আদালতে হাজির হয়ে মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত। এ ছাড়া ১০ জুন সকালে নিরাপত্তা নিশ্চিত করে তরুণীকে হাইকোর্টে হাজির করতে রংপুরের পুলিশ সুপার ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। গতকাল (১০ জুন) মেয়েটি, তাঁর মা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে হাজির হন। এরপর বিকেলে শুনানি হয়। দুপুরে খাসকামরায় তরুণীর বক্তব্য শোনেন আদালত। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী সারা হোসেন, মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার শুনানি করেন। সন্ধ্যা সোয়া ছয়টায় আদালত আদেশ দেন। আদালত সংশ্লিষ্টদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ না করায় আদালত ভর্ত্সনা করেছেন সংশ্লিষ্ট থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে। ভর্ত্সনা করা হয়েছে রংপুরের মুখ্য বিচারিক হাকিমকে। তবে ভুলবশত নিরাপত্তা হেফাজতে পাঠানোয় ক্ষমা প্রার্থনা করেন তিনি। গতকাল দেওয়া আদালতের আদেশে রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিরাপত্তা নিশ্চিত করে তরুণীকে রংপুরে পৌঁছে দিতে বলা হয়। পাশাপাশি মুখ্য বিচারিক হাকিমকে আজ শুক্রবারের মধ্যে মেয়েটির জবানবন্দি গ্রহণ করতে নির্দেশ দেন আদালত। জবানবন্দি গ্রহণের পর নিরাপত্তা নিশ্চিত করে মেয়েটিকে আজই ঢাকায় পৌঁছে দিতে রংপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। ঢাকার পুলিশ কমিশনারকে নিয়মিত মেয়েটির নিরাপত্তার বিষয়টি তদারকি করতে নির্দেশ দেন আদালত। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অবকাশ শেষে ৪ জুলাই আদালত খোলার পর হাইকোর্টকে জানাতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।