আটক বাংলাদেশিদের ছেড়ে দিতে মিয়ানমারকে অনুরোধ
মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর হাতে ১১ দিন ধরে আটক পুলিশের তিন সদস্যসহ চার বাংলাদেশিকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শনিবার প্রথম আলোকে এ তথ্য জানান। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে সরকারের পক্ষ থেকে এ অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনু বিভাগের মহাপরিচালক মো. গোলাম সারওয়ার। জানতে চাইলে গোলাম সারওয়ার বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। আটক বাংলাদেশিদের ছেড়ে দিতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মিয়ানমারকে বলা হয়েছে। ১৩ মার্চ বিকেলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গুমদুম সীমান্তের আন্তর্জাতিক সীমান্তরেখার জিরো লাইন অতিক্রম করলে চার বাংলাদেশি নাগরিককে আটক করে নাসাকা বাহিনী। আটক চার বাংলাদেশি হচ্ছেন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইমরান, ইরফান ও মজিদ এবং বিটিভির বালুখালী কেন্দ্রের কর্মী সাইফুল ইসলাম। বাংলাদেশ বর্ডার গার্ড ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চার বাংলাদেশির মুক্তির ব্যাপারে ১৭ মার্চ নাসাকা বাহিনীর সঙ্গে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে নাসাকার পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তরের অনুমতি পেলে এদের ছেড়ে দেওয়া হবে। তবে ওই বৈঠকে এর জন্য কোনো সময়সূচি উল্লেখ করেনি নাসাকা।আটক বাংলাদেশিরা কেমন আছেন জানতে চাইলে খালেকুজ্জামান বলেন, পতাকা বৈঠকে নাসাকার পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশিরা সুস্থ ও নিরাপদ আছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পতাকা বৈঠকের পরও এত দীর্ঘ সময় কাউকে আটকে রাখার ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল।