আটক হয়ে ডিবি কার্যালয়ে নবীউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ ওরফে নবীকে আটক করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানিয়েছেন, নবীউল্লাহকে দুপুরে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ওই এলাকায় আজকের আধাবেলা হরতালের সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়িয়েছে স্থানীয় বিএনপি।আজ সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে দক্ষিণ যাত্রবাড়ীর ১৫৪/৪ নম্বর বাড়িতে আশ্রয় নেন নবী। সেখান থেকে তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হককেও আটক করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। আটকের পর এই দুজনকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। এর পর তাঁকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে পাঠানো হয়। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি সালাউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, নবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে ১৯৯৯ সালসহ আগের বেশ কটি মামলা আছে। নবীউল্লাহর বিরুদ্ধে করা সব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।