চট্টগ্রামের খুলশি এলাকার একটি রেস্তোরাঁ থেকে জামায়াত-শিবিরের আটক ২৪ নেতা-কর্মীকে ডবলমুরিং ও পাঁচলাইশ থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় বৈঠক করার সময় পুলিশ ২৫ জনকে আটক করে। যাচাই-বাছাইয়ের পর পুলিশ আজ বুধবার সকালে আলী হায়দার নামের একজনকে ছেড়ে দেয়।পুলিশ সূত্র জানায়, চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল খুলশিতে বৈঠক করেন। বৈঠকে উত্তর জেলা জামায়াতের সাবেক আমির ও মহানগরের শুরা সদস্য মফিজুর রহমান ছিলেন। নগরে চোরাগোপ্তা হামলা চালাতে তাঁদের মোবাইল ফোনে খুদে বার্তা (মেসেজ) পাওয়া গেছে। খুদে বার্তায় পাথর নিয়ে নগরের একটি মোড়ে জড়ো হওয়ার নির্দেশনা ছিল।পুলিশ সূত্র জানায়, খুলশির বৈঠক থেকে গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ১৪ জন নেতা-কর্মীকে গত বছরের ২৮ অক্টোবরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চকবাজারে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় ওই সময় জামায়াত-শিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। তাঁদের আজ এ মামলায় আদালতে হাজির করা হলেও রিমান্ড চায়নি পুলিশ। মহানগর হাকিম মুনতাসির আহমদ তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।গত রোববার নগরের হালিশরের পিসিপুল থেকে বড়পুল পর্যন্ত গাড়ি-দোকানপাট ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের অন্য ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়। ওই ঘটনায় মামলা হয় ডবলমুরিং থানায়। পুলিশ তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম এইচ এম ফজলুল বারী আগামী রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন।এ ছাড়া গতকাল রাতে হালিশহর থানা পুলিশ তিনজন ও ডবলমুরিং থানা পুলিশ জামায়াত-শিবিরের একজন কর্মীকে আটক করে। আজ তাঁদেরও আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।হিযবুত তাহরীর: নগরের লাভলেন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের দুই কর্মীকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় কোতোয়ালি থানা পুলিশ। মহানগর হাকিম ওসমান গনি কাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। গতকাল সরকার ও মার্কিনবিরোধি স্লোগান দিয়ে সমাবেশ করে পালানোর সময় লাভলেন এলাকা থেকে পুলিশ হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে চারজনকে আটক করে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করা হয়।