আটকে আছে খিলগাঁও উড়ালসড়কের সম্প্রসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি ব্যবহারে রেলওয়ের অনুমতি না পাওয়ায় আটকে গেছে খিলগাঁও উড়ালসড়কের (ফ্লাইওভার) সায়েদাবাদমুখী সম্প্রসারণ (লুপ নির্মাণ প্রকল্প) কাজ। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়েছে দুই বছর আগে।সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে খিলগাঁও উড়ালসড়কের সায়েদাবাদ লুপ নির্মাণের এই প্রকল্প ২০১০ সালে শুরু হয়ে ২০১৩ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, রাজধানীর যানজট নিরসনে তিনটি র্যা ম্প ও একটি লুপসহ খিলগাঁও উড়ালসড়ক ২০০৫ সালে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। নির্মিত উড়ালসড়কের নকশায় সায়েদাবাদ পর্যন্ত আরও একটি লুপ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বাস্তবায়নের সময় লুপটি বাদ দেওয়া হয়। সায়েদাবাদ ও রাজারবাগ থেকে আসা যানবাহন নির্মিত উড়ালসড়ক ব্যবহার করে বাঁয়ে-ডানে মোড় নেওয়ার সুযোগ পেলেও প্রগতি সরণি ও ঢাকা শহরের পূর্বাঞ্চল (মাদারটেক, কদমতলী, বাসাবো, সিপাহীবাগ) থেকে আসা যানবাহন মতিঝিল বা রাজারবাগ সরাসরি যাতায়াত করতে পারে না। ওই সব এলাকার যানবাহন চলাচলের জন্য ২০১০ সালের ২৬ অক্টোবর উড়ালসড়কটির আরেকটি লুপ নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৭০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় ৭৫০ মিটার লুপ নির্মাণ করার কথা স্থানীয় সরকার বিভাগের। প্রকল্পটি বাস্তবায়নে ৬০ দশমিক ৯০ শতাংশ ভূমি ব্যবহারের দরকার ছিল। নির্বাচন করা জমির মালিক রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের ভূমি অধিশাখা থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ লাইন স্থাপন এবং ‘ঢাকা ইয়ার্ড রিমডেলিং’-এর নকশা চূড়ান্ত না হওয়া পর্যন্ত খিলগাঁও উড়ালসড়কের সায়েদাবাদ প্রান্তের দাখিল করা নকশা এবং অনাপত্তিপত্রে সম্মতি দেওয়া সম্ভব নয়। তবে রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, জমি নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি স্থানীয় সরকার বিভাগ। তাই জমি না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এ ছাড়া জমি বরাদ্দের বিষয়ে রেল মন্ত্রণালয় থেকে তাদের কোনো সরকারি আদেশও দেওয়া হয়নি বলে জানান তিনি। জানতে চাইলে স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ প্রথম আলোকে বলেন, ‘এটা নতুন কোনো পরিকল্পনা নয়, তাই নতুন করে আবার প্রস্তাব দেওয়ার কিছু নেই। এ বিষয়ে আমরা রেলমন্ত্রী ও রেলসচিবের সঙ্গেও কথা বলেছি। তাঁরা আমাদের আশ্বস্ত করেছিলেন, যত দ্রুত সম্ভব জমি ব্যবহারে অনাপত্তি দেবেন। কিন্তু এখন এসে কেন আপত্তি জানাচ্ছেন, ঠিক বুঝতে পারছি না।’ স্থানীয় সরকার বিভাগ বলছে, ২০০৩ সালের ২৩ মার্চ মূল উড়ালসড়ক নির্মাণের সময় রেলওয়ের নির্ধারিত ফরমে অনাপত্তি নেওয়া হয়েছিল। এখন নতুন লুপটি নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। তাই জটিলতা সৃষ্টি না করে রেলওয়ের উচিত দ্রুত জমি ব্যবহারে অনাপত্তি দেওয়া।