আটকে আছে পঁচাত্তরের সেই ২২ হত্যার বিচার
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওই রাতে ঘাতকদের গুলি ও কামানের গোলায় নিহত হয়েছিলেন আরও ২২ জন। এঁদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি তৎকালীন পানিসম্পদমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতও।বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও এই ২২ জনকে হত্যার বিচার কবে শেষ হবে, কেউ জানে না। ঘটনায় দায়ের করা দুই মামলার বিচারকাজ থেমে আছে ১১ বছর ধরে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলা দুটি দায়ের ও বিচার-প্রক্রিয়া শুরু হয়। এরপর ২০০০ সালে হাইকোর্টের একটি রুল জারিকে কেন্দ্র করে সেরনিয়াবাতসহ আটজনকে হত্যার ঘটনায় রমনা থানার মামলার বিচারকাজ স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান আওয়ামী লীগ সরকারের আড়াই বছরেরও বেশি সময়ে এসব হত্যার বিচারকাজ শুরুর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া ১৪ জনকে হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় করা মামলার বিচার কার্যক্রম আটকে আছে আদালতে সাক্ষী হাজির না হওয়ায়।ফৌজদারি আইনজীবী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সাক্ষী হাজির করা রাষ্ট্রপক্ষের দায়িত্ব। কেন সাক্ষীদের হাজির করা সম্ভব হচ্ছে না, তা আদালতকে অবহিত করতে হবে। উচ্চ আদালতে মামলার কার্যক্রম স্থগিত থাকলে তা নিষ্পত্তির উদ্যোগও নিতে হবে রাষ্ট্রপক্ষকে। রমনা থানার মামলা: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরপরই একদল উচ্ছৃঙ্খল সেনাসদস্য ২৭ নম্বর মিন্টো রোডে তৎকালীন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের সরকারি বাড়িতে ঢোকেন। তাঁরা অস্ত্রের মুখে বাড়ির সব সদস্যকে বসার ঘরে জড়ো করেন। এরপর সবাইকে লাইন ধরিয়ে গুলি করে হত্যা করেন বিপথগামী ওই সেনাসদস্যরা। ওই ঘটনায় আবদুর রব সেরনিয়াবাত, তাঁর মেয়ে বেবী সেরনিয়াবাত, ছেলে আরিফ সেরনিয়াবাত, চার বছরের নাতি বাবু সেরনিয়াবাত (আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে), চাচাতো ভাই শহীদ সেরনিয়াবাত, গৃহপরিচারিকা লক্ষ্মীর মা, কাজের ছেলে পোটকা, আবদুর রহিম খান ওরফে রিন্টু নিহত হন।ওই ঘটনায় আবুল হাসানাত আবদুল্লাহর মা আমেনা বেগম, স্ত্রী সাহান আরা বেগম ও ভাই আবুল খায়ের আবদুল্লাহ, বোন বিউটি সেরনিয়াবাত, রীনা সেরনিয়াবাতসহ রফিকুল ইসলাম, সলিল দাস ও গোলাম মাহমুদ গুরুতর আহত হন। ঘটনার পর রমনা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করান। কিন্তু ওসি এই ঘটনায় তখন কোনো মামলা করেননি।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ২১ অক্টোবর আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা বেগম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন। তাতে আসামি করা হয় মেজর শাহরিয়ার, মেজর আজিজ পাশা, ক্যাপ্টেন মাজেদ, ক্যাপ্টেন নুরুল হুদা হিরুকে। দীর্ঘ তদন্তের পর ১৯৯৭ সালের ৩০ জুলাই পুলিশ ১৬ জন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযুক্তরা হলেন: লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খান, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, মেজর (অব.) বজলুল হুদা, লে. কর্নেল (অব.) মুহিউদ্দিন আহমেদ, তাহের উদ্দিন ঠাকুর, লে. কর্নেল (অব.) আবদুল আজিজ পাশা, লে. কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদ, লে. কর্নেল (অব.) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.) এস এইচ এম বি নূর চৌধুরী, লে. কর্নেল (অব.) এ কে এম মহিউদ্দিন আহমেদ, লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ, ক্যাপ্টেন (অব.) মো. কিসমত হাসেম, ক্যাপ্টেন (অব.) নাজমূল হোসেন ও মেজর (অব.) আহম্মদ শরফুল হোসেন ওরফে শরফুল ইসলাম।অভিযোগপত্র দাখিল হওয়ার পর মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। ওই আদালতের তৎকালীন বিচারক এ কে রায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেন ১৯৯৯ সালের ৪ অক্টোবর। এরপর সাক্ষ্য দিতে একজন সাক্ষী আদালতে হাজির হন। কিন্তু আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখা হয়।পরের বছর ফেব্রুয়ারিতে (২০০০) আসামি তাহের উদ্দিন ঠাকুরের বিরুদ্ধে মামলাটি চলতে পারে না বলে তাঁর পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করে এবং মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। কিন্তু সরকারপক্ষ রুলের জবাব না দেওয়ায় ওই স্থগিত আদেশ কয়েক দফা বাড়ানো হয়। সর্বশেষ ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি সরকারের প্রতি দেওয়া রুলের শুনানি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুল জারি হওয়ার পর বাদী বা রাষ্ট্রপক্ষ থেকে আর হাইকোর্টে শুনানি করার কোনো চেষ্টা করা হয়নি।মোহাম্মদপুর থানার মামলা: মোহাম্মদপুর থানার কামানের গোলা নামে পরিচিত মামলায় বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের সময় খুনিদের কামানের গোলা মোহাম্মদপুর থানার শেরশাহসূরি রোডের ৮ ও ৯ নম্বর বাড়িতে গিয়ে পড়ে। সেখানে গৃহিণী রোজিয়া বেগম, তাঁর ছোট্ট মেয়ে নাসিমা, হাবিবুর রহমান, আনোয়ারা বেগম-১, আনোয়ারা বেগম-২, ময়ফুল বিবি, সাবেরা বেগম, আবদুল্লাহ, রফিকুল, সাবিয়া, সাহাবুদ্দিন, আমিনুদ্দিন, কাশেদা ও দুই বছরের শিশু আনোয়ারা নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও ১৭ জন।১৯৯৬ সালের ২৯ নভেম্বর রোজিয়ার স্বামী মোহাম্মদ আলী এই ঘটনায় হত্যা মামলা করেন। সিআইডি তদন্ত শেষে ২০০১ সালের ৩০ এপ্রিল কর্নেল সৈয়দ ফারুক রহমান, তাহের উদ্দিন ঠাকুরসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলাটি ঢাকা মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। মামলার সাক্ষী হাজির না হওয়ায় বিচারকাজ আটকে আছে ১০ বছর ধরে।